ধামরাইয়ে দুই দুর্ঘটনায় নিহত ৪
ঢাকার ধামরাইয়ে দুটি দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন, আহত হন অন্তত ১৫ জন।
শনিবার ঢাকা-আরিচা মহাসড়কে কেলিয়া ও ইসলামপুর এলাকায় এ দুই দুর্ঘটনা ঘটে বলে জানান ধামরাই থানার এসআই অপূর্ব দাস।
আহতদের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানাতে পারেননি এসআই অপূর্ব।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুরে কেলিয়া এলাকায় ফরিদপুরগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীতমুখী বিকাশ পরিবহনের একটি বাসের সংঘর্ষ হয়।
“এতে ঘটনাস্থলেই দুইজন ও হাসপাতালে নেওয়ার পর একজন মারা যান।”
এ দুর্ঘটনায় ওই দুই বাসের অন্তত ১৫ যাত্রী আহত হন বলেও তিনি জানান।
এসআই অপূর্ব আরও জানান, ধামরাইয়ের ইসলামপুর এলাকায় একটি বালুবাহী ট্রাকের চাপায় এক রিকশাচালক নিহত হয়েছেন।
আনুমানিক ২৮ বছর বয়সী ওই ব্যক্তির পরিচয় জানাতে পারেননি তিনি।
