দিনাজপুরে বিজিবি-গ্রামবাসী সংঘর্ষে আহত ৪
ঈদ উপলক্ষে আয়োজিত গান-বাজনাকে কেন্দ্র করে দিনাজপুরের বিরল উপজেলায় বিজিবির সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষে অন্তত চার জন আহত হয়েছে।
শনিবার সকালে ডুংডুংগী সীমান্তের গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটেছে বলে বিজিবি, পুলিশ ও স্থানীয়রা জানায়।
সংঘর্ষে বিজিবির দুই সদস্যও আহত হয়েছেন বলে বিজিবি দাবি করছে।
আহত দুই গ্রামবাসী জাকির হোসেন (১৮) ও মোহাম্মদ সানীকে (২১) দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তবে, আহত দুই বিজিবি সদস্যকে নিজেদের তত্ত্বাবধানে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান বিজিবি-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জামাল হোসেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান নুর ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঈদ উপলক্ষে গ্রামের লোকজন গোন-বাজনার আয়োজন করে। শুক্রবার রাতে শুরু হওয়া অনুষ্ঠান শনিবার সকালেও চলছিল।
“সকালে বিজিবির ডুংডুংগী ক্যাম্পের সদস্যরা গান-বাজনা বন্ধ করতে গেলে গ্রামবাসীর সঙ্গে সংঘর্ষ বাধে।”
লেফটেন্যান্ট কর্নেল জামাল হোসেন এই ঘটনাকে ভুলবুঝাবুঝি বলে উল্লেখ করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অনুমতি ছাড়া রাত থেকে গান-বাজনার আয়োজন করা হয় ওই গ্রামে।
“সীমান্ত সংলগ্ন এলাকায় এধরনের আয়োজনে বিধি-নিষেধ রয়েছে। অথচ তারা সীমান্তের দেড়শ গজের মধ্যে এটা করেছে।”
তিনি বলেন, সকালে আয়োজন বন্ধ করতে বললে কিছু ‘উচ্ছৃঙ্খল’ লোক ‘হাঙ্গামার’ সৃষ্টি করে। এতে বিজিবির দুই সদস্য আহত হন এবং একটি অস্ত্র ভেঙ্গে যায়।
বিরল থানার ওসি তাপস চন্দ্র পন্ডিত জানান, স্থানীয় জনপ্রতিনিধিদের সহায়তায় পরিস্থিতি শান্ত করা হয়েছে।
