২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘মনে হয় পুরা ঢাকা আমার’

পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে বিপুল সংখ্যক মানুষ ঢাকা ছাড়ায় পাল্টে গেছে রাজধানীর সচারচর দৃশ্য। যানজটের নগর হিসেবে পরিচিতি পাওয়া ঢাকার রাস্তা হয়ে পড়েছে অনেকটাই জনমানবশূন্য।    

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2015, 10:30 PM

Updated : 22 Aug 2022, 01:17 PM

শুক্রবার ঈদের নামাজের পর কিছু সময় রাস্তায় গাড়ি চলাচল দেখা গেলেও এর পর থেকেই সড়কগুলো ফাঁকা হতে শুরু করে। রাস্তায় মানুষের উপস্থিতিও ছিল হাতেগোণা।

যাদের দেখা গেছে তাদের বেশিরভাগই বাড়ি বাড়ি ঘুরে কোরবানির মাংস সংগ্রহের জন্য পথে নামা নিম্ন আয়ের মানুষ।

রাজধানীর মিরপুর, পল্টন, রমনা, কাকরাইল, মিন্টো রোড, শাহবাগ, রাজারবাগ, পান্থপথ, এলিফ্যান্ট রোড ও উত্তরা এলাকা ঘুরে এমন দৃশ্য চোখে পড়েছে।

এমনিতেই অভিজাত বিপণীবিতানগুলো ছিল বন্ধ, বন্ধ পাওয়া গেছে রাস্তার পাশে গড়ে ওঠা ছোট ছোট টং দোকানগুলো।

গণমাধ্যমকর্মী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ নির্ধারিত কিছু পেশার মানুষজন ছাড়া রাজধানীতে পেশাজীবী কেউ না থাকায় বাসের জন্য অপেক্ষমান দীর্ঘ সারিও দেখা যায়নি এদিন। 

রাস্তায় কথা হয় যশোর থেকে আসা রিকশাচালক এখলাস মিয়ার সঙ্গে। 

ফাঁকা ঢাকায় কেমন লাগছে জানতে চাইলে তিনি বললেন, “অন্যসময় ধানমণ্ডি-গ্রিনরোড ইলাকায় রিকসা চালাই। ঈদির দিন মনে হয় পুরো ঢাকা আমার। যেখানে খুশি যাতি পারি। ভাড়াও পাই ভালো।”

গত ১০ বছর ধরে ঢাকায় রিকশা চালান এখলাস। জানালেন, প্রতিবছরই ঈদের পরে পরিবারের কাছে যশোরে যান তিনি।

ঈদের পরে যাওয়ার কারণে ব্যাখ্যা করে এখলাস বলেন, “ঢাকা এই সুময়টায় জ্যাম থাকে না মানুষ রিকশা চড়ে বেশি। ভাড়াও একটু বেশি পাওয়া যায়। তাই বেশি টাকা ইনকাম কইরে বাড়ি যাই।”

বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে তিন দিনের ঈদুল আযহার সরকারি ছুটি। রোববার শুরু হবে অফিস আদালত।

শহরের নিম্ন আয়ের মানুষদের খাবারের দোকান বন্ধ থাকায় নিজের খানিকটা সমস্যা পোহাতে হচ্ছে জানিয়ে এখলাস বলেন, “অন্যসুময় রাস্তার পাশে কমদামের হোটেল খোলা থাকে, দুপুরি খাতি পারি। ঈদের সুময় এটা সমস্যা।”

রাজধানীর ধানমণ্ডি, বনানী, গুলশানের  রেস্তোরাঁগুলো ঈদের সময় খোলা থাকে। কিছু বিপণিবিতানের দোকান বন্ধ থাকলেও খোলা থাকে ফুড কোর্ট। আর এসব এলাকাতে তরুণদের যাতায়াতই বেশি থাকে।

সিএনজি অটো রিকশাচালক খলিল মিয়া বলেন, “ঈদের সময় সবচেয়ে ভালো লাগে রাস্তা ফাঁকা। খুব সময়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া যায়। ভাড়া নিয়ে যাত্রীর সঙ্গে ঝামেলা হয় না। ভাড়াও বেশি পাওয়া যায়।”

গণপরিবহন কম থাকায় চলাচলে অসুবিধা হয় কিনা জানতে চাইলে আশরাফ হোসেন নামে এক ব্যাংকার বলেন, “ঈদের সময় রাতে চলাচলে একটু অসুবিধা হয়, কিন্তু এইরকম ফাঁকা শহরের মজাটাই আলাদা। অন্য সময় যে পথ যেতে দুই ঘণ্টা লাগে, ঈদের সময় সিএনজি নিয়ে সেই পথ লাগে সর্বোচ্চ ২০ মিনিট।”