২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একদিনেই বেশিরভাগ বর্জ্য সরানোর লক্ষ্য

কোরবানির পশুর বর্জ্য অপসারণে বরাবরের মতো দুদিনের লক্ষ্যমাত্রা ধরা হলেও এবার বেশিরভাগ বর্জ্য ২৪ ঘণ্টার মধ্যে সরাতে চায় কর্তৃপক্ষ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2015, 09:33 PM

Updated : 12 Oct 2022, 04:14 PM

শুক্রবার দুপুরের পর থেকে রাজধানীতে পশুর বর্জ্য অপসারণের কাজ শুরু করে ঢাকার দুই সিটি করপোরেশন।

দুপুর আড়াইটার দিকে উত্তরার একটি পশুর হাট সংলগ্ন এলাকায় ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার বর্জ্য অপসারণের কাজ উদ্বোধন করেন মেয়র আনিসুল হক।

ঠিক একই সময় ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকন নারিন্দায় মেয়র সাদেক হোসেন খোকা মাঠ থেকে বর্জ্য অপসারণ কাজের সূচনা করেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপক রাকিব উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “৪৮ ঘণ্টার টার্গেট নিয়ে বর্জ্য অপসারণের কাজ শুক্রবার দুপুরের পর থেকে শুরু হয়েছে। তবে প্রথম দিনেই আমরা শহরের অলিগলি থেকে অধিকাংশ বর্জ্য অপসারণ করতে চাই।

পশুর হাট ও পশু জবাইয়ের নির্ধারিত স্থলে বাঁশ পোতা ও খড়ের স্তুপ থাকায় সেখানকার বর্জ্য অপসারণে কিছুটা সময় লাগবে বলে জানান এই কর্মকর্তা।

“তবে কোরবানির পশুর বর্জ্য কোনোভাবেই যাতে ৪৮ ঘণ্টার বেশি পড়ে না থাকে সে ব্যাপারে মেয়রের নির্দেশনা আছে,” বলেন এই কর্মকর্তা।  

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান বর্জ্য নিষ্কাশন কর্মকর্তা বিপন কুমার সাহা জানান, পশু জবাইয়ের আগেই সিটি করপোরেশনের পক্ষ থেকে ব্লিচিং পাউডার, বর্জ্য রাখার ব্যাগ ও প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করা হয়েছে।

“নগরবাসীরা এসব ব্যবহার করে থাকলে কোরবানির পশুর বর্জ্য অপসারণ সহজ হবে।”

ঢাকা উত্তর সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মনোয়ার হোসেন জানান, ঢাকার কোরবানির পশুর বর্জ্য মাতুয়াইল ডাম্পিং জোনে রাখা হবে।

নগরীর পরিচ্ছন্নতা নিশ্চিত করতে এবং পরিবেশ দূষণ রোধে এবছর প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে ঢাকার দুই সিটি করপোরেশনের পক্ষ থেকে রাজধানীর নির্ধারিত স্থানে পশু জবাই করার পরামর্শ দেওয়া হয়। তবে তাতে তেমন সাড়া পাওয়া যায়নি। বেশির ভাগ মানুষই নিজেদের বরাবরের মতোই সুবিধামতো জায়গায় পশু জবাই দিয়েছেন।

মনোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সিটি করপোরেশনের পক্ষ থেকে নির্ধারিত স্থানে পশু জবাই বাধ্যতামূলক ছিল না।  যে নির্দেশনা দেওয়া হয়েছে তাতে তেমন সাড়া মেলেনি।

“ধীরে ধীরে নির্দিষ্ট স্থানে পশু জবাইয়ে নগরবাসীকে অভ্যস্ত করা যাবে। তবে সেজন্য আরও দু-চার বছর লাগবে।”