ঈদের ছুটিতেও যাদের কাজ করতে হয়
ঈদের ছুটিতে সবাই যখন আনন্দ করছে তখন অনেকেই আছেন যাদের বাড়ি যাওয়া হয় না স্বজনদের কাছে, দায়িত্ব পালনে থেকে যেতে হয় কর্মক্ষেত্রে।
ছুটি না পাওয়ায় ওদের ঈদ কাটছে কর্মস্থলে। সহকর্মীদের সঙ্গেই তারা ভাগাভাগি করছেন ঈদ আনন্দ।
শুক্রবার সরেজমিনে বেনাপোলের বিভিন্ন দপ্তরে গিয়ে দেখা এমন কয়েকজন ব্যস্ত মানুষের সঙ্গে কথা হয় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধির।
বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টের ইমিগ্রেশন পুলিশ, শুল্ক কর্মকর্তা, বিজিবি, বন্দর ও শুল্ক ভবনের নিরাপত্তাকর্মী, থানা পুলিশ, হাসপাতাল, ফায়ার সার্ভিস, অনলাইন ও ইলেকট্রনিক গণমাধ্যমের কর্মীরা ব্যস্ত রয়েছেন অন্যদিনের মতো।
দুপুরে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে দায়িত্ব পালন করেছেন শুল্ক ভবনের সহকারী কমিশনার নিতিশ বিশ্বাস।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, এই আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে প্রতিদিন হাজার হাজার যাত্রী পারাপার হয়। তাদের রাগেজ, ব্যাগ পরীক্ষা, ভ্রমণ শুল্ক প্রদানের রশিদ দেখার দায়িত্ব শুল্ক কর্মকর্তাদের।
“সরকারি ছুটি থাকলেও জনস্বার্থে আমরা রাষ্ট্রীয় দ্বায়িত্ব পালন করছি। এখানকার ২০ শতাংশ কর্মকর্তা-কর্মচারী ঈদের ছুটি ভোগ করছেন, যারা ছুটির বাইরে আছেন তাদেরকে শিফট করে দায়িত্ব দেওয়া হয়েছে।”
চেকপোস্টে কর্মরত ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক মমিনুল ইসলাম বলেন, শুক্রবার সকাল থেকে বেলা ১১টা পর্যন্ত এই পথে হাজার খানেক যাত্রী পারাপার হয়েছে। অন্যান্য যেকোনো সময়ের চেয়ে এই দুই দিন যাত্রী পারাপারের সংখ্যা অনেক বেশি।
ঈদের ছুটিতে পরিবার থেকে দূরে থাকায় কষ্ট লাগছে কি না জিজ্ঞাসা করতেই মমিনুল ইসলাম বলেন, “পরিবার পরিজন ফালাইয়্যা ডিউটি করছি, মন তো খারাপ লাগারই কথা। কিন্তু এরপরেও এটা আমাদের চাকরি, আমাদের দায়িত্ব।”
শার্শা থানার ওসি ইনামুল হকের বাড়ি লোহাগড়ার দেবী গ্রামে। প্রায় ২৮ বছর ধরে নিজের বাড়িতে ঈদ করা হচ্ছে না তার। যখন যে কর্মস্থলে থাকেন সেখানেই সহকর্মীদের সঙ্গে ঈদের আনন্দে যোগ দেন।
টহলে দায়িত্ব পালনরত পুটখালি বিজিবি সদর কোম্পানির সুবেদার শফিউদ্দিন হাওলাদার বলেন, “প্রথম প্রথম কষ্ট হতো। সময়ের পরিক্রমায় অভ্যাস হয়ে গেছে। আমার পরিবার-পরিজনও এটা মেনে নিয়েছেন।”
বেনাপোল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা কওছার আলি ৩১ বছরের চাকরি জীবনে মাত্র ১৫টি ঈদ প্রিয়জনের সান্নিধ্যে কাটাতে পেরেছেন। এখানে কর্মরত ২৩ জনের মধ্যে ছয় জনকে ছুটি দেওয়া হয়েছে।
জরুরি সার্ভিসের এ কর্মকর্তা বলেন, “নিজের বাড়িতে সবার সঙ্গে ঈদ করতে পারলে ভালো লাগে। দেশ ও জনগণের স্বার্থেই কর্মস্থলে ঈদ করেছি, এটাও অন্য রকম আনন্দের। এখন আর মনে কষ্ট লাগে না, বরং গর্ববোধ করি মানুষের সেবা করতে পারছি।”
বেনাপোল বন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, “বন্দরে ১৪৯ জন আনসার সদস্য তিন শিফটে দায়িত্ব পালন করে থাকে। ঈদে ৩০ জনকে ছুটি দিয়েছি।
“হিন্দু ধর্মের নিরাপত্তা কর্মীদেরকে এই সময় দায়িত্বে বেশি রাখা হয়েছে। তবে ২০ শতাংশ মুসলমানও আমাদের সঙ্গে আছেন। কর্মস্থলে থেকেই সবাই ঈদের আনন্দ একসঙ্গে উপভোগ করছি।”
