বাড়ি পৌঁছা নিয়ে শঙ্কা শেষ মুহূর্তে
ঘণ্টার পর ঘণ্টা কাউন্টারে অপেক্ষা করে যানজটের শঙ্কা মাথায় নিয়ে শেষ মুহূর্তেও ঢাকা ছাড়ছে উত্তর ও দক্ষিণবঙ্গের ঘরমুখো মানুষ।
তবে সন্ধ্যার পরও গাবতলী টার্মিনালে যানবাহনের অপেক্ষায় থাকা যাত্রীদের ভিড়ে এক শঙ্কাই ঘুরেফিরে এসেছে- বাড়ি যাওয়া হবে তো?
ঈদযাত্রার শেষদিনে বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কল্যাণপুর এলাকায়ও পাওয়া গেছে একই চিত্র।
বাস না পেয়ে ট্রাকে করে বাড়ির পথ ধরতেও দেখা গেছে অনেক যাত্রীকে। আবার লোকাল বাসের ছাদে চড়ে প্রিয়জনের উদ্দেশ্যে যাত্রা করেন কেউ কেউ।
বিকাল ৪টা দিকে গাবতলী বাস টার্মিনালে কথা হয় গোপালগঞ্জগামী বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী মামুনুর রশিদের সঙ্গে।
তিনি বলেন, “গাড়ি ছিল ১২টায়। ১১টা থেকে বসে আছি। দৌলতদিয়া পাটুরিয়া ঘাটের জ্যামের কারণে বাসগুলো আসতে পারছে না। কী করব, কখন বাড়িতে পৌঁছাব জানি না।”
বৃহস্পতিবার রাত ৮টায় বরিশাল ও দর্শনাগামী সোনারতরী পরিবহনের কাউন্টার মাস্টার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এতো মানুষ গিয়েছে। কিন্তু ভিড় এখনো কমেনি। রাস্তায় প্রচণ্ড যানজট আছে বলে আমাদের লোকজন জানিয়েছে।”
সারাদিনে সবগুলো ট্রিপই দুই-তিন ঘণ্টা করে পেছানো হয়েছে বলে জানান তিনি।
সকাল সাড়ে ৭টা ও সাড়ে ৮টার বাস না ছাড়ায় দুপুর দেড়টার দিকে গোপালগঞ্জগামী রাজধানী এক্সপ্রেস কাউন্টারের সামনে যাত্রীদের হট্টগোল করতে দেখা যায়।
এরপর অন্য দুটি বাসে যাত্রীদের পাঠানোর ব্যবস্থা করেন বাসের ব্যবস্থাপকরা।
দিনাজপুরগামী শ্যামলী পরিবহনের কাউন্টার ম্যানেজার প্রভাত রায় ৫টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এমনিতে রাস্তায় জ্যামের কারণে আমাদের উত্তরবঙ্গ রুটের গাড়িগুলো এক-দেড় ঘণ্টা করে দেরি করে আসছে। তবে সাড়ে ৩টার গাড়ি এসেছে সোয়া ৪টায়।
“আমরা কাউন্টারে আসামাত্রই গাড়ি ছেড়ে দিচ্ছি। গাড়ি আসতে না পারায় আমাদের কিছুই করার নাই।”
দূরের যাত্রায় টিকেট না পেয়ে অনেকে ভেঙ্গে ভেঙ্গে বাড়ির উদ্দেশ্যে যাত্রা করেন। নগর পরিবহনের অনেক বাসকে পাটুরিয়া কিংবা আরিচা পর্যন্ত ট্রিপ নিয়ে যেতে দেখা গেছে। একই গন্তব্যে ট্রাকে চড়া যাত্রীর সংখ্যাও নেহাত কম ছিল না।
পরিবহন সঙ্কটের কথা বিবেচনায় নিয়ে অনেকে আবার ঢাকায় চলাচল করা লোকাল বাসগুলোকে রিজার্ভ করেই বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন।
সকালে এই ধরনের একটি বাস ‘বৈশাখী’র যাত্রী আবুল কালামের সঙ্গে কথা হয় গাবতলী বাস টার্মিনালে।
বিকাল সাড়ে ৪টায় ফরিদপুরগামী আজমেরী এবং গোল্ডেন লাইন বাস কাউন্টারের ব্যবস্থাপক রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকাল সাড়ে ৫টায় ছাড়া বাস ফরিদপুর পৌঁছেছে বিকেল সাড়ে ৩টায়। সাধারণ সময়ে ছয় ঘণ্টার যাত্রায় সময় লেগেছে ১০ঘণ্টা।”
সকাল থেকে ছেড়ে যাওয়া এই দুই পরিবহনের ২৮টি বাসের মধ্যে বেশিরভাগই যানজটে আটকা আছে বলে জানান তিনি।
যশোরের যাত্রী মনোয়ার হোসেন জানান, কোরবানি ঈদে রাস্তায় যানজট নিয়মিত ঘটনা। বরাবরই এটা হয়, তবে এই বছর মাত্রা আগের তুলনায় বেশি বলে তার কাছে মনে হয়েছে।
এদিকে, গাবতলীতে পশুর হাটের কারণে সৃষ্ট যানজটের ফলে টার্মিনালের দিকে অনেক দূর থেকে হেঁটে যাত্রা করতে হয়েছে যাত্রীদের।
অন্যদিকে, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন গাবতলী বাস টার্মিনালের দায়িত্বরত র্যাব-৪ এর উপ-পরিদর্শক পরিতোষ চন্দ্র বিশ্বাস।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “কোনো ধরনের ঝামেলা হয়নি। তবে কিছু কিছু গাড়িতে অতিরিক্ত ভাড়া নিতে চাইলে আমরা গিয়ে তা বন্ধ করে দিয়েছি।”
