২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পথের জটে টার্মিনালে অপেক্ষা

ঢাকার বিভিন্ন সড়কে ফাঁকা আমেজ থাকলেও কল্যাণপুর ও গাবতলী বাস টার্মিনালে নেমেছে বাসের জন্য অপেক্ষারত হাজারো যাত্রীর ঢল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2015, 05:01 PM

Updated : 12 Oct 2022, 04:14 PM

পরিবহন সঙ্কট আর তীব্র যানজটে এদের অনেকের মনে উঁকি দিয়েছে নতুন শঙ্কা- বাড়ি যাওয়া হবে তো?

বৃহস্পতিবার সরেজমিনে কল্যাণপুর থেকে গাবতলী সড়কের দুইপাশের ফুটপাতেও দেখা গেছে ঘরমুখো মানুষের দীর্ঘ সারি। কাউন্টারগুলোর সামনে আছে মানুষের ছোটো-বড় জটলা।

অগ্রিম টিকেট যারা কেটেছেন তারাও জানেন না ঠিক সময়ে আদৌ গাড়ি ছাড়বে কিনা। যাদের টিকেট নেই তারা লোকাল বাস কিংবা ট্রাকে চড়ে গন্তব্যে ফেরার চেষ্টা করছেন।

হানিফ এন্টারপ্রাইজের বাসে করে জয়পুরহাট যেতে আগেভাগেই কাউন্টারে এসেছেন বেসরকারি ব্যাংক কর্মকর্তা মাহবুব হোসেন। জানালেন, বাস কখন ছাড়বে, কখন বাড়ি পৌঁছাবেন তা নিয়ে আছেন শঙ্কায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “বাস স্ট্যান্ডেতো আসলাম। দেখি কখন বাস ছাড়ে, কখন বাড়ি পৌঁছি। রাস্তায় অবস্থা সুবিধার না, কতক্ষণ যে লাগবে!”

বাংলা কলেজের রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র দর্শনাগামী রাসেল বলেন, সাড়ে ১০টার গাড়ি ১২টায়ও ছাড়েনি। কখন ছাড়বে তারও ঠিক নাই। আবার রাস্তায় যে যানজট, ঈদ মনে হয় রাস্তাতেই করতে হবে।

গন্তব্যে পৌঁছাতে কতক্ষণ লাগতে পারে এমন প্রশ্নের জবাবে বরিশাল ও দর্শনাগামী সোনারতরী পরিবহনের কাউন্টারের মাস্টার আলী হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জ্যাম কাকে বলে কত প্রকার ও কি কি তার সবটাই আছে রাস্তায়। কোনো গাড়িই তো নির্ধারিত সময়ে ফিরতে পারতেছে না।”

তার গাড়ির যাত্রীরা ঈদ জামাতের আগে বাড়ি ফিরতে পারবে কিনা এ শঙ্কা প্রকাশ করে তিনি জানান, তাদের সকাল ৭টার গাড়ি ছাড়া হয়েছে সাড়ে ১০টায়, নয়টার গাড়ি এখনো অপেক্ষায় আছে।

“বিকেলের ট্রিপগুলো কেমনে দেব, তার কোনো ঠিক-ঠিকানা নাই।”

পরিবহন সঙ্কটের কথা বিবেচনায় নিয়ে অনেকে আবার ঢাকায় চলাচল করা লোকাল বাসগুলোকে রিজার্ভ করেই বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন।  

এই ধরনের একটি বাস ‘বৈশাখী’র যাত্রী আবুল কালামের সঙ্গে কথা হয় গাবতলী বাস টার্মিনালে। তিনি জানান, আগে থেকে টিকেট কাটা না থাকায় কয়েকজন মিলে এই বাসের চালকের সঙ্গে কথা বলি।

“পরে আরও কিছু যাত্রী নিয়ে বাসটি এখন সিরাজগঞ্জের ‍উদ্দেশ্যে যাত্রা করছে।”