ঈদযাত্রায় উত্তরের পথে দিনভর ভোগান্তি
বাড়ি ফেরার যাত্রায় অতিরিক্ত গাড়ির চাপ এবং বিভিন্ন স্থানে দুর্ঘটনা ও যানবাহন বিকলের অন্তত ২০টি ঘটনায় ঈদের আগের দিন বৃহস্পতিবার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সারাদিন যানজটে ভোগান্তি পোহাতে হয়েছে যাত্রীদের।
গাজীপুর ট্রাফিক বিভাগের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. সাখাওয়াত হোসেন জানান, বুধবার রাত থেকে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টা পর্যন্ত এ মহাসড়কে টাঙ্গাইলের বিভিন্ন এলাকায় ১৩টি এবং গাজীপুরে কালিয়াকৈর অংশে সাতটি গাড়ি বিকল হয় বা দুর্ঘটনায় পড়ে।
এ অবস্থায় বুধবার রাত থেকে বৃহস্পতিবার সারা দিন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ভোগড়া বাইপাস, চন্দ্রা ও কোনাবাড়ি এলাকায় অসংখ্য যানবাহনকে ঘণ্টার পর ঘণ্টা অনেকটা একই স্থানে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। বৃহস্পতিবার বিকালেও গাড়ি চলতে দেখা গেছে শম্বুক গতিতে।
এরপর কালিয়াকৈর থানার ওসি ওমর ফারুকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পরিস্থিতি স্বাভাবিক হতে আরও ঘণ্টাখানেক লাগবে। যানবাহন চলাচল স্বাভাবিক হয়ে আসছে।”
দুপুরের তুলনায় বিকালের দিকে চাকার গতি কিছুটা বাড়লেও চন্দ্রা, গাজীপুরের সফিপুর, কোনাবাড়ি, চান্দনা-চৌরাস্তা ও ভোগড়া বাইপাস মোড় পর্যন্ত সারাদিনের যানজটের রেশ দেখা গেছে।
মহাসড়কের গাজীপুরের চান্দনা চৌরাস্তা ও ভোগড়া বাইপাস সড়ক থেকে চন্দ্রা পর্যন্ত গাড়ির চাপ বেশি থাকায় যানবাহন এগিয়েছে থেমে থেমে, ধীর গতিতে। একই অবস্থা দেখা গেছে চন্দ্রা থেকে দক্ষিণে নবীনগরের দিকে কয়েক কিলোমিটার এবং টাঙ্গাইলের দিকে গোড়াই পর্যন্ত রাস্তায়।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে টঙ্গী স্টেশনরোড এলাকার পরিস্থিতি বেলা ২টার পর থেকে অনেকটাই স্বাভাবিক হয়ে আসে। এ সময় ‘লোকাল’ গাড়ি ছাড়া অন্য গাড়ির চাপ ছিল কম।
বিকাল সাড়ে ৩টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে টাঙ্গাইলসহ উত্তরবঙ্গগামী যানবাহনের দীর্ঘ লাইন দেখা যায়। বিকাল ৫টার পর চাপ খানিকটা কমে আসে বলে নাওজোর মহাসড়ক পুলিশের এসআই মো. কাওছার আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
