২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোণায় ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে আহত ১৫

নেত্রকোণার মদন উপজেলায় ফুটবল খেলা নিয়ে দুইপক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2015, 08:20 PM

Updated : 22 Aug 2022, 01:17 PM

মদন থানার ওসি এস এম মফিজুল ইসলাম জানান, বৃহস্পতিবার বিকাল পৌনে ৫টার দিকে উপজেলার চাঁনগাও ইউনিয়নের হাঁসকড়ি গ্রামে এ সংঘর্ষ হয়।

আহতদের মধ্যে আমিরুল ও আশরাফুল নামে দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মদনের স্বাস্থ্য কর্মকর্তা আব্দুল কুদ্দুছ।

আহত বাকিদের মধ্যে আমিরুল (২৩), আশরাফুল (২৫), ইসলাম উদ্দিন (৬৫), আতাউর (২৫), বেগম আক্তার (৪৮), মণির (২২), রেজাউল (২৪)ও সোহেলকে (২৫) মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মদনের ওসি মফিজুল বলেন, বুধবার হাঁসকড়ির গ্রামের মাঠে প্রীতি ফুটবল ম্যাচ হয়। এ খেলা নিয়ে বৃহস্পতিবার বিকালে গ্রামের রেজাউল ও সোহেলের মধ্যে বাকবিতণ্ডা হয়।

এক পর্যায়ে দুইপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়।