২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হজে প্রাণহানিতে খালেদার শোক

সৌদি আরবের মিনায় হজের আনুষ্ঠানিকতার শেষ সময়ে পদপিষ্ট হয়ে তিন শতাধিক মানুষের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2015, 05:58 PM

Updated : 22 Aug 2022, 01:17 PM

বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মিনায় নিহত হওয়ার খবর শুনে লন্ডনে অবস্থারত বেগম খালেদা জিয়া শোক প্রকাশ করেছেন। তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাদের শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।”

এছাড়া দুর্ঘটনায় আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন বলেও জানান তিনি।

এদিকে ঠাকুরগাঁওয়ে অবস্থানরত দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক শোকবার্তায় নিহতদের আত্মার মাগফেরাত ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

বৃহস্পতিবার সৌদি আরবে ঈদের দিন এই পদদলনের ঘটনায় অন্তত ৩১০ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও ৪৫০ জন।

হতাহতদের মধ্যে কোনো বাংলাদেশি আছে কিনা তা এখনো জানা যায়নি।