২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শোলাকিয়া প্রস্তুত

প্রতিবারের মতো এবারও দেশের সর্ববৃহৎ ঈদ জামাত হবে কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদগাহ ময়দানে।

মারুফ আহমেদ

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2015, 02:32 PM

Updated : 22 Aug 2022, 01:17 PM

ঈদ-উল-আজহার নামাজের জন্য ইতিমধ্যে সব প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছে ঈদগাহ কমিটি।

শুক্রবার সকাল ৯টায় জামাত অনুষ্ঠিত হবে।

ঈদের জামাত পরিচালনা করবেন মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ।

ইতোমধ্যে জামাতের কাতারের লাইন টানা, মাঠ পরিষ্কার করা, ধোয়ামোছা ও রঙয়ের কাজসহ সব প্রস্তুতি শেষ করেছে জেলা প্রশাসন।

এছাড়া জামাতে দূর-দূরান্ত থেকে মুসল্লিদের অংশগ্রহণের সুবিধার্থে দুটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে।

শোলাকয়িা ঈদগাহ কমিটির সভাপতি কিশোরগঞ্জ জেলা প্রশাসক জিএসএম জাফরউল্লাহ জানান, মুসল্লিদের নির্বিঘ্নে নামাজ আদায় নিশ্চিত করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

কিশোরগঞ্জের পুলিশ সুপার (এসপি) আনোয়ার হোসেন খান জানান, বরাবরের মতো এবারও মুসল্লিদের নিরাপদে নামাজ আদায়ের জন্য নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে।

ঈদের দিন মাঠ ও আশপাশের এলাকায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকবে বলে জানান তিনি।

কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার জয়ন্ত মজুমদার জানান, ঈদ জামাতে দূর-দূরান্ত থেকে মুসল্লিদের অংশগ্রহণের সুবিধার্থে ‘শোলাকিয়া স্পেশাল’ নামে দুটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে রেল কর্তৃপক্ষ।

“একটি ট্রেন সকাল পৌনে ৬টায় ময়মনসিংহ থেকে এবং আরেকটি ট্রেন সকাল ৬টায় ভৈরব থেকে শোলাকিয়া মাঠের উদ্দেশে ছেড়ে আসবে।”

নামাজ শেষে ট্রেন দুটি দুপুর ১২টায় কিশোরগঞ্জ ছেড়ে যাবে বলে তিনি জানান।

মসনদ-ই-আলা ঈশা খাঁর ৬ষ্ঠ বংশধর দেওয়ান হয়বত খান বাহাদুর কিশোরগঞ্জের জমিদারি প্রতিষ্ঠার পর ১৮২৮ খ্রিস্টাব্দে কিশোরগঞ্জ জেলা শহরের পূর্ব প্রান্তে নরসুন্দা নদীর তীরে প্রায় ৭ একর জমির উপর এ ঈদগাহ প্রতিষ্ঠা করেন।

স্থানীয় গবেষকদের ভাষ্য অনুযায়ী, ১৮২৮ সালে অনুষ্ঠিত প্রথম জামাতে সোয়া লাখ মুসল্লি অংশগ্রহণ করেন বলে মাঠের নাম হয় ‘সোয়া লাখি মাঠ’। সেখান থেকে উচ্চারণের বিবর্তনে পরিবর্তিত হয়ে আজকের ‘শোলাকিয়া’।

বিশাল এই মাঠে কাতার রয়েছে ২৬৫টি। প্রতি কাতারে ৫ শতাধিক মুসল্লি নামাজে অংশ নিতে পারেন। তবে মাঠের বাইরে আশপাশের এলাকাজুড়ে জামাতে অংশ নেওয়া মুসল্লিদের মিলিয়ে এই সংখ্যা আড়াই থেকে তিন লাখ ছাড়িয়ে যায়।

কিশোরগঞ্জের আরও জামাত

জেলা প্রশাসন জানিয়েছে, বরাবরের মতো এবারও প্রশাসনের উদ্যোগে মহিলাদের ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

জেলা শহরের এস ভি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সকাল ৯টায় মহিলাদের এই জামাত হবে।

এছাড়া জেলা শহরের শহীদী মসজিদে সকাল ৮টায়, পাগলা মসজিদে সকাল সাড়ে ৮টায় এবং পুরান কাচারি জামে মসজিদ, আখড়া বাজার জামে মসজিদ ও নূর মসজিদে সকাল ৮টায় জামাত অনুষ্ঠিত হবে।