অতিরিক্ত যাত্রী বহন, চাঁদপুরে লঞ্চকে জরিমানা
ধারণক্ষমতার বেশি যাত্রী বহন করায় ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী একটি লঞ্চের মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার রাত ১২টায় চাঁদপুর ঘাটে ‘এমভি জলতরঙ্গ’ লঞ্চ কর্তৃপক্ষকে জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট কামাল রাশেদ ১২ হাজার টাকা জরিমানা করেন।
বিআইডব্লিউটিএ’র চাঁদপুর বন্দরের কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান বলেন, “এমভি জলতরঙ্গ অতিরিক্ত যাত্রী নিয়ে ঘাটে উপস্থিত হয়। নৌ-পরিবহন আইন লঙ্ঘনের দায়ে ওই লঞ্চ কর্তৃপক্ষকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।”
পরে রাত সোয়া ১২টায় লঞ্চটি বরিশালের উদ্দেশে ঘাট থেকে ছেড়ে যায়।
ঈদে ঘরমুখো যাত্রীদের সার্বিক নিরাপত্তায় চাঁদপুর নৌ-টার্মিনালে আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে বলে জানান এ বন্দর কর্মকর্তা।
