স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় ১০ মাস ১০ দিনের দণ্ড
এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় চাঁদপুরের শাহরাস্তি পৌর এলাকার এক তরুণকে ১০ মাস ১০ দিন কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শাহরাস্তি মডেল থানার এসআই শ্যামল জানান, দীর্ঘদিন ধরে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিল রুবেল। বুধবার বিকেলে বাড়ি থেকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক ইউএনও সামিউল মাসুদ তাকে এই দণ্ড দেন।
ইউএনও সামিউল মাসুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “১০ মাস ১০ দিন মায়ের গর্ভে থাকার পরও নারীর প্রতি সম্মান না দেখানোর কারণে রুবেলকে ১০ মাস ১০ দিন কারাদণ্ড দেওয়া হয়েছে।”
