ইস্কাটনে জোড়া খুন: পিছিয়ে গেছে অভিযোগ গঠন
রাজধানীর ইস্কাটনে জোড়া খুনের মামলার একমাত্র আসামি সাংসদপুত্র বখতিয়ার আলম রনিকে আদালতে হাজির না করায় পিছিয়ে গেছে অভিযোগ গঠন।
আগামী ২২ নভেম্বর অভিযোগ গঠনের পরবর্তী তারিখ দিয়েছে আদালত।
বুধবার ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে এ মামলায় অভিযোগ গঠনের তারিখ নির্ধারিত ছিল।
বখতিয়ার আলম রনি মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য পিনু খানের ছেলে।
গত ১৩ এপ্রিল গভীর রাতে নিউ ইস্কাটনে গাড়ি থেকে ছোড়া এলোপাতাড়ি গুলিতে আহত হন রিকশাচালক হাকিম ও অটোরিকশাচালক ইয়াকুব আলী আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৫ এপ্রিল হাকিম এবং ২৩ এপ্রিল ইয়াকুব মারা যান।
এ ঘটনায় নিহত হাকিমের মা মনোয়ারা বেগম ১৫ এপ্রিল রমনা থানায় অজ্ঞাত কয়েকজনকে আসামি করে একটি মামলা করেন।
পরে মামলার তদন্তের দায়িত্ব পাওয়ার পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৩১ মে এলিফ্যান্ট রোডের বাসা থেকে বখতিয়ার আলম রনিকে আটক করে।
নির্ধারিত দিনে রনিকে কেন আদালতে হাজির করেনি এ বিষয়ে বিচারক ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ সামছুন নাহারকে কোন ব্যাখ্যা অথবা কারণ জানায়নি ঢাকার কেন্দ্রীয় কারা কতৃর্পক্ষ।
এ আদালতের পেশকার শামীম আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আলোচিত এ মামলার আসামিকে আদালতে হাজির করার জন্য কারা কতৃর্পক্ষকে পরোয়ানা পাঠানো হয়েছিল। তবে তাতে সাড়া পাওয়া যায়নি।
পরবর্তী তারিখে তারিখে তাকে হাজির করার জন্য ফের পরোয়ানা পাঠানো হচ্ছে বলেও জানান তিনি।
এর আগে গত ২১ জুলাই এমপিপুত্র বখতিয়ার আলম রনিকে একমাত্র আসামি করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) উপ-পরিদর্শক (এসআই) দীপক কুমার দাস।
