২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘গতবার ৭০ নম্বরেও ঢাকা মেডিকেলে চান্স, এবার ৭৭ পেয়েও হয়নি’

‘প্রশ্ন ফাঁসের’ কারণে এবার গতবারের চেয়ে বেশি নম্বর পেয়েও মেডিকেলে ভর্তি হতে পারছেন না বলে অভিযোগ করেছেন এক পরীক্ষার্থী।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2015, 06:23 PM

Updated : 12 Oct 2022, 04:14 PM

পুরনো খবর:

প্রশ্নফাঁস: ইউজিসি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৩
মেডিকেলের ফল: পরীক্ষার্থীদের ৫৮.৪ শতাংশ ভর্তির যোগ্য
মেডিকেলে ভর্তি পরীক্ষা বাতিলে রিট আবেদন খারিজ

প্রশ্ন ফাঁসের অভিযোগ তুলে গত ১৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত ওই পরীক্ষা বাতিলের দাবিতে বুধবার চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে এই অভিযোগ করেন জিনাত রেহেনা ঐশী।

ঐশী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গত বছর ৭০ নাম্বার পেয়েই আমার বান্ধবী ঢাকা মেডিকেলে চান্স পেয়েছিল।এবার আমি ৭৭ নম্বর পেয়েও পাইনি।

“সারা বছর পড়াশোনার পেছনে যে কষ্ট করেছি, প্রশ্ন ফাঁস হওয়ায় তা একদম ব্যর্থ হল।”

পরীক্ষার্থীদের এই কর্মসূচিতে একাত্মতা জানিয়ে অংশ নেন মেডিকেলে পড়ুয়া কয়েকজন শিক্ষার্থী।

তাদেরই একজন চট্টগ্রাম মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এম এ আউয়াল রাফি বলেন, “ফাঁস হওয়া প্রশ্নে যারা মেডিকেলে ভর্তি হবে, তারা তো মেডিকেলের পড়াশোনার সঙ্গে খাপ খাওয়াতে পারবে না। মেধাহীনরা মেডিকেলে যাওয়ার অর্থ রোগীদের ভোগান্তি।”

মানববন্ধনের পর ‘সম্মিলিত শিক্ষার্থীবৃন্দ এবং মেডিকেল ভর্তি পরীক্ষার্থীবৃন্দ’ ব্যানারে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন থেকে এই বছরের মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা পুনরায় নেওয়ার পাশাপাশি প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানানো হয়।

মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোতে এবারের ভর্তি পরীক্ষার আগে প্রশ্ন নিয়ে প্রতারণার অভিযোগে আইনশৃঙ্খলা বাহিনী কয়েকজনকে গ্রেপ্তার করে।

এরপর প্রশ্ন ফাঁসের অভিযোগের মধ্যে ২০ সেপ্টেম্বর ফলাফল প্রকাশ হয়, যাতে মোট পরীক্ষার্থীর ৫৮ শতাংশকে ভর্তির জন্য যোগ্য বলে নির্বাচন করা হয়।

এরপর আদালতে গিয়ে বিফল হলেও ভর্তি পরীক্ষা বাতিলের দাবিতে বিভিন্ন স্থানে পরীক্ষার্থীদের মানববন্ধন-সমাবেশের মতো কর্মসূচি চলছে।

চট্টগ্রামে বিক্ষোভরত শিক্ষার্থীরা দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত প্রেস ক্লাবের সামনে সড়কের এক পাশে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়।  এরপর ৩টায় তারা সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ থেকে এইচএসসি উত্তীর্ণ মানসুরা মেহেরুন বলেন, “গত ১৮ তারিখ অনুষ্ঠিত এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার আগেই প্রশ্ন ফাঁস হয়ে যাওয়ায় পুরো পরীক্ষা পদ্ধতি এবং তাতে মনোনীত শিক্ষার্থীবৃন্দের যোগ্যতা প্রশ্নবিদ্ধ।

“ফাঁসকৃত প্রশ্নে হওয়া ভর্তি পরীক্ষা বাতিল করে আবারও পরীক্ষা নেওয়ার মাধ্যমে প্রকৃত মেধাবীদের মেডিকেলে পড়ার সুযোগ করে দেওয়া হোক।”

সংবাদ সম্মেলন থেকে আগামী ২৭ সেপ্টেম্বর সারাদেশে ‘প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধ দিবস’ পালনের ঘোষণা দেওয়া হয়।

ঈদুল আজহা উপলক্ষে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত কোনো কর্মসূচি থাকছে না এই শিক্ষার্থীদের। দাবি মানা না হলে এরপর আন্দোলনে যাওয়ার ঘোষণা দেন তারা।