হবিগঞ্জে সাংসদকে হত্যার হুমকির অভিযোগে গ্রেপ্তার ৩
হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও সিলেট রেঞ্জের এক পুলিশ কর্মকর্তাকে মোবাইল ফোনে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন- বানিয়াচং উপজেলার বানেশ্বর সরকারের ছেলে কারণ্য সরকার (৩৮), মতিউর রহমানের ছেলে বোরহান উদ্দিন রুমন (২৪) ও আজমিরীগঞ্জের আব্দুল হান্নানের ছেলে মিজানুর রহমান (২৫)।
বুধবার দুপুরে হবিগঞ্জের পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তাদের গ্রেপ্তারের কথা জানিয়েছেন।
তিনি বলেন, সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত শহরের চৌধুরী বাজার এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এই তিনজনকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে মোবাইল ফোনের ১৬টি সিম, দুইটি পাসপোর্ট, একটি ল্যাপটপ ও বেশ কয়েকটি মোবাইল ফোন উদ্ধার করা হয় বলে জানান পুলিশ সুপার জয়দেব।
এই পুলিশ কর্মকর্তা বলেন, গত ১৬ সেপ্টেম্বর কারণ্যসহ তিনজন জেলা আওয়ামী লীগের সভাপতি সাংসদ আবু জাহির ও সিলেট রেঞ্জের ডিআইজি মিজানুর রহমানকে মোবাইল ফোনে হত্যার হুমকি দেয়।
এ ঘটনায় সাংসদ জাহির থানায় একটি মামলা করেন। এরপর গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে ঘটনায় জড়িত অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করে।
