মুন্সীগঞ্জে সরকারি অফিসে আঙুলের ছাপে উপস্থিতি গণনা শুরু
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় বায়োমেট্রিক অ্যাটেনডেন্স মেশিনে আঙুলের ছাপ নিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রতিদিনের উপস্থিতি গণনা ব্যবস্থা চালু হয়েছে।
বুধবার সকালে সিরাজদিখান উপজেলা কমপ্লেক্সে জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল এই বায়োমেট্রিক অ্যাটেনডেন্স মেশিনের উদ্বোধন করেন।
এ সময় জেলা প্রশাসক বলেন, “এই মেশিনে আঙুলের ছাপ দিয়ে অফিসে প্রবেশ করতে হবে। আবার বের হওয়ার সময়ও আঙুলের ছাপ দিতে হবে। এতে যথাসময়ে সবার উপস্থিতি এবং নির্দিষ্ট সময় অফিসে থাকা নিশ্চিত হবে।”
পর্যায়ক্রমে জেলার অন্য উপজেলায়ও এই পদ্ধতি চালু করার আশা প্রকাশ করে প্রশাসক বাদল বলেন, “দেশের প্রথম উপজেলা হিসেবে সিরাজদিখানে বায়োমেট্রিক অ্যাটেনডেন্স মেশিন যাত্রা শুরু করল।”
উদ্ধোধনের সময় জেলা প্রশাসকের সঙ্গে উপজেলা চেয়ারম্যান মহিউদ্দিন আহম্মেদ, ইউএনও রওনক আফরোজা সোমা, সহকারী কমিশনার শাহানা পারভীনসহ অন্যরা উপস্থিত ছিলেন।
