চট্টগ্রামে বাসচাপায় নিহত ৩
চট্টগ্রামের দেওয়ানহাট সেতু পেরিয়ে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি টেম্পো, একটি রিকশা ও কয়েকজন পথচারীদের চাপা দিয়ে উল্টে গেছে, নিহত হয়েছেন তিনজন।
ম্যাপ: চট্টগ্রাম
বুধবার সকাল সোয়া ৯টার দিকে বহদ্দারহাট থেকে কাঠগড়গামী ১০ নম্বর রুটের একটি বাস এ দুর্ঘটনা ঘটায় বলে চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (পশ্চিম) আরেফিন জুয়েল জানান।
নিহতদের মধ্যে দুইজনের নাম মো. নাঈম (২২) ও জয়নাল আবেদীন (৬৫); অন্যজনের পরিচয় জানা যায়নি।
আহতদের মধ্যে মো. জাহাঙ্গীর (২৬), মো. মহিউদ্দিন (৩০), ফয়েজ আহমদ (৪৫), নূর মোহাম্মদ (৫৫), টিকলু রুদ্র (১৬) ও ইব্রাহিম খলিলকে (৪৫) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই মো. জহির জানান, আহত মো. মহিউদ্দিন রূপালী ব্যাংকের আগ্রাবাদ বিদ্যুত ভবন শাখার কর্মকর্তা। তিনি টেম্পোতে করে অফিসে যাচ্ছিলেন।
আর রিকশা চালক ইব্রাহিম খলিল ওই সময় ওই সড়ক দাঁড়ানো ছিলেন। জয়নাল আবেদীন যাচ্ছিলেন পায়ে হেঁটে, যিনি নিহত হয়েছেন।
আহত জাহাঙ্গীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাসটি দেওয়ানহাট সেতু থেকে নামার সময় অন্য একটি বাসকে ‘ওভারটেক’ করার সময় চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় বাসটি রাস্তার পাশে একটি টেম্পো, দাঁড়িয়ে থাকা একটি রিকশা ও অপেক্ষমান পথচারীদের চাপা দিয়ে উল্টে যায়।
এসআই জহির জানান, ঘটনাস্থল থেকে বেশ কয়েকজনকে আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।
পরে চিকিৎসাধীন অবস্থায় আরেকজনের মৃত্যু হয় বলে মেডিকেল ফাঁড়ির এএসআই পঙ্কজ বড়ুয়া জানান।
