২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কলা-মানববিদ্যার স্থান নেই বেসরকারি বিশ্ববিদ্যালয়ে

কলা, মানবিক বিদ্যা ও বিজ্ঞানের মৌলিক বিষয়গুলো নিয়ে উচ্চতর শিক্ষার সুযোগ নেই বাংলাদেশের বেশিরভাগ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে।

রিফাত রহমান

মাহমুদুজ্জামান ও ভূঁইয়া

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2015, 09:50 PM

Updated : 22 Aug 2022, 01:16 PM

তথ্যটি জানানোর পর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ইতিহাস গবেষক অধ্যাপক সিরাজুল ইসলাম বললেন, “ইতিহাস, দর্শন ও ভূগোলের মতো মৌলিক বিষয় না থাকলে তাকে বিশ্ববিদ্যালয়ই বলা যায় না।”

তার মতো প্রবীণ অনেক অধ্যাপকই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। নিয়ন্ত্রক কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ভূমিকা ও ক্ষমতা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা।

তাদের ক্ষোভের সঙ্গে একমত পোষণ করেছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক মো. মোহাব্বত খানও।

“বিদ্যালয়ের সামনে বিশ্ব লাগাতে হলে মৌলিক বিষয় রাখতে হবেই। তা না হলে বিশ্ববিদ্যালয় বলা যায় না,” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন তিনি।

তবে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর কর্মকর্তারা বলছেন, ‘চাহিদা’ না থাকায় তারা এসব বিভাগ খুলতে উৎসাহী হচ্ছেন না।  

Image
এ সব বিশ্ববিদ্যালয়ই বেসরকারি

এ সব বিশ্ববিদ্যালয়ই বেসরকারি

ভ্যাটবিরোধী সাম্প্রতিক ছাত্র আন্দোলনে আলোচনায় আসা বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা কার্যক্রম নিয়ে খোঁজ নিয়ে দেখা যায়, বাংলা, দর্শন, ভূগোল, পদার্থ বিজ্ঞান, রসায়ন ও গণিতের মতো মৌলিক বিভাগগুলোতে উচ্চতর শিক্ষার সুযোগ নেই অধিকাংশটিতে। একটি বিশ্ববিদ্যালয়েও নেই ইতিহাস বিভাগ।

১৯৯২ সালে প্রণীত আইনের অধীনে বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা শুরুর পর তা বেড়ে ৮৪টিতে গিয়ে ঠেকেছে, যাদের অনেকগুলোর শিক্ষার মান এবং অবকাঠামো নিয়ে প্রশ্ন রয়েছে। 

বেসরকারিগুলোর পাশাপাশি ৯০ দশকের পর থেকে সরকারি অর্থায়নে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নামে চালু করা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও মৌলিক বিষয়গুলো নিয়ে উচ্চতর শিক্ষা ও গবেষণার সুযোগ রাখা হয়নি।

এই অঞ্চলে অর্থাৎ তৎকালীন পূর্ববঙ্গে ১৯২১ সালে প্রতিষ্ঠার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১২টি বিভাগ ছিল। সেগুলো হচ্ছে, সংস্কৃত ও বাংলা, ইংরেজি, শিক্ষা, ইতিহাস, আরবি ও ইসলাম শিক্ষা, ফার্সি ও উর্দু, দর্শন, অর্থনীতি ও রাজনীতি, পদার্থ বিজ্ঞান, রসায়ন, গণিত ও আইন। এরপর প্রতিষ্ঠিত অন্য পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতেও জ্ঞানের মৌলিক বিষয়গুলো পড়ানো হয়।   

বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ওয়েবসাইট ঘেঁটে দেখা যায়, তিনটিতে দর্শন বিভাগ রয়েছে। এছাড়া রসায়ন তিনটিতে, পদার্থ বিজ্ঞান পাঁচটিতে এবং বাংলা রয়েছে সাতটিতে। ১০টি বিশ্ববিদ্যালয়ে গণিতের জন্য আলাদা বিভাগ রয়েছে।

মৌলিক এই সব বিষয় কেন পড়ানো হয় না- জানতে চাইলে ড্যাফোডিল ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক গোলাম রহমান বলেন, “বিষয়গুলোর বাজারে চাহিদা নেই। আমরা ছাত্র পাই না, অর্থ পাই না, তাই রাখি না।”

Image
অধ্যাপক নজরুল ইসলাম

অধ্যাপক নজরুল ইসলাম

বাজার চাহিদার উপর ভিত্তি করে বিশ্ববিদ্যালয়গুলোতে বিষয় খোলা হয় বলে মন্তব্য করেন এক সময় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে নেতৃত্ব দেওয়া অধ্যাপক নজরুল ইসলাম।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওরা বলে এসব বিষয়ে ছাত্র ভর্তি হয় না, ডিমান্ড নেই; অর্থ না আসায় চালু রাখা যায় না।”

একই কথা বলেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আহমেদ শফিও।

“মৌলিক বিষয় বিক্রি করা যায় না, তাই নেই। বেসরকারি বিশ্ববিদ্যালয় সম্পূর্ণ লাভজনক ব্যবসা। তারা জনসেবা করতে বিশ্ববিদ্যালয় খোলেনি। মৌলিক বিষয় চালু করা নিয়ে আমার সঙ্গে অনেক মনোমালিন্য হয়েছে মালিকদের সঙ্গে।”

বেসরকারি বিশ্ববিদ্যালয় অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে ট্রাস্টের অধীনে পরিচালিত বলে সরকারের কাছে করের ক্ষেত্রে ছাড় পায়। ওই ছাড় নিয়েও তারা প্রকারান্তরে ব্যবসা করছে বলে অভিযোগ রয়েছে। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিজ্ঞান বিভাগের চেয়ারপারসন অধ্যাপক মনিরুজ্জামান খন্দকার বলেন, “ওরা বিশ্ববিদ্যালয়ই নয়, ব্যবসা প্রতিষ্ঠান।

“গবেষণাগার লাগে এমন কোনো বিষয় তারা রাখছে না। তাদের প্রধান কাজ হচ্ছে তাড়াতাড়ি অর্থ কামিয়ে নেওয়া। তারা টাকার খেলায় মেতেছে।”

মৌলিক বিষয়ের গুরুত্ব তুলে ধরে ইতিহাসবিদ সিরাজুল ইসলাম বলেন, “আমাদের ভবিষ্যৎ যেমন গুরুত্বপূর্ণ, তেমনি আমাদের অতীতটাও গুরুত্বপূর্ণ। বর্তমান আমাদের নিয়ে যাবে ভবিষ্যতের কাছে। আমাদের আন্দোলন করে কেন ইতিহাস পড়াতে হবে? আমি মনে করি, এটা রাষ্ট্রীয় দায়িত্ব।”

বেসরকারিগুলোর মধ্যে বাংলাদেশ ইউনিভার্সিটি, নটরডেম ইউনিভার্সিটি বাংলাদেশ ও সেন্ট্রাল উইম্যান ইউনিভার্সিটিতে দর্শন বিভাগ রয়েছে।

অধ্যাপক সিরাজুল বলেন, “আধুনিক সভ্যতায় দর্শন একটি অতিগুরুত্বপূর্ণ বিষয়। দর্শনের মতো মৌলিক বিষয়গুলো না পড়াবার কারণে আমাদের শিক্ষার মানই কমছে না, দেশের মান-সম্মানও কমছে।”

Image
অধ্যাপক সিরাজুল ইসলাম

অধ্যাপক সিরাজুল ইসলাম

“এ সব শিক্ষা প্রতিষ্ঠানে মৌলিক বিষয় না থাকায় দেশে গবেষক তৈরি হবে না। পাশাপাশি জাতির একটা বড় অংশ বিজ্ঞান শিক্ষা থেকে দূরে সরে যাচ্ছে,” বলেন প্রাণীবিজ্ঞানের অধ্যাপক মনিরুজ্জামান।

এ সঙ্কটের জন্য মঞ্জুরি কমিশনের ‘সুস্পষ্ট ও স্বচ্ছ নিয়মনীতির’ অভাবকে দায়ী করেন সাবেক চেয়ারম্যান অধ্যাপক নজরুল।

“আইনে আছে তিনটি অনুষদ এবং প্রতি অনুষদে দুটি বিষয় থাকলেই বিশ্ববিদ্যালয় চালু করার অনুমতি পাবে। কিন্তু মৌলিক বিষয়গুলো চালু করার ব্যাপারে নির্দিষ্ট কোনো বাধ্যবাধকতা নেই।”

মঞ্জুরি কমিশনের পুরো কাঠামো পরিবর্তনে বহুবার পরামর্শ দিয়েছেন দাবি করে অধ্যাপক নজরুল বলেন, “মঞ্জুরি কমিশনের ক্ষমতা ও মর্যাদা বাড়াতে হবে। মঞ্জুরি কমিশনের মর্যাদা ও ক্ষমতা নেই বলেই আজ তার দন্তহীন ব্যাঘ্র দশা।”

বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর উপর মঞ্জুরি কমিশনের নজরদারির অভাবের কথা স্বীকার করেছেন কমিশনের সদ্য বিদায়ী চেয়ারম্যান অধ্যাপক এ কে আজাদ চৌধুরীও।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মৌলিক বিষয়গুলো সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক করা উচিত। মঞ্জুরি কমিশনে কিছুই হয় না, আমাকেও করতে দেওয়া হয়নি।”

বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে মৌলিক বিষয় খুলতে বাধ্য করার কোনো সুযোগ বর্তমান নীতিমালায় নেই স্বীকার করে মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক মোহাব্বত খান বলেন, “আমরা সরকারের কাছে সুপারিশ করেছি মঞ্জুরি কমিশনের ক্ষমতায়ন করতে। আমাদের ক্ষমতা বাড়লে আমরা ওদের বাধ্য করতে পারব।”