ঈদ করতে ঠাকুরগাঁওয়ে গেলেন ফখরুল
জামিনে মুক্তির পর বিদেশে চিকিৎসা নিয়ে ফিরে মায়ের সঙ্গে ঈদ করতে ঠাকুরগাঁও গেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার বিকালে ইউনাইটেড এয়ারলাইন্সের একটি ফ্লাইটের স্ত্রী রাহাত আরা, ছোট মেয়েসহ পরিবারের সদস্যদের নিয়ে সৈয়দপুরের উদ্দেশে রওনা হন তিনি।
যাওয়ার আগে ফখরুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মা অসুস্থ। মায়ের সঙ্গে ঈদ করব বলে বাড়ি যাচ্ছি। ঈদের পরদিন ঢাকায় ফিরে আসব।”
দেশবাসীসহ দলের সব নেতা-কর্মীদের বিএনপি ও দলের চেয়ারপারসনের পক্ষে ঈদের শুভেচ্ছা জানান তিনি।
সৈয়দপুর বিমানবন্দরে নামলে বিএনপি নেতা-কর্মীরা দলের ভারপ্রাপ্ত মহাসচিবকে স্বাগত জানান বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নীলফামারী প্রতিনিধি জানিয়েছেন।
দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে ফখরুল বলেন, “আপনারা প্রস্তুত থাকুন, সময়মতো আন্দোলনের ডাক দেওয়া হবে। এদেশের মানুষ গণতন্ত্রের জন্য দীর্ঘদিন যাবৎ সংগ্রাম করে আসছে। আর এই সংগ্রামে দেশের মানুষ জয়ী হবেই।”
নীলফামারী ও ঠাকুরগাঁও জেলা বিএনপির নেতা-কর্মীদের ফুলেল শুভেচ্ছা নিয়ে ফখরুল সড়ক পথে বাড়ির উদ্দেশে রওনা হন।
যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুরে চিকিৎসা নিয়ে সোমবার রাতে দেশে ফেরেন তিনি।
জানুয়ারি থেকে শুরু হওয়া সরকারবিরোধী তিন মাসের আন্দোলনের প্রথমেই গত ৬ জানুয়ারি গ্রেপ্তার করা হয় ফখরুলকে। এরপর থেকে কারাগারে ছিলেন তিনি।
কারাবন্দি অবস্থায় মস্তিষ্কের ক্যারোটেড আর্টারিতে ব্লক ধরার পর সর্বোচ্চ আদালতের আদেশে জামিন নিয়ে মুক্ত হয়ে গত ২৭ জুলাই সিঙ্গাপুর যান ফখরুল। সেখান থেকে গিয়েছিলেন নিউ ইয়র্কে।
দুটি ব্লক থাকলেও রক্ত সঞ্চালন মোটামুটি অব্যাহত থাকায় এবং ধকল সামলানোর মতো শারীরিক অবস্থা না থাকায় ফখরুলের অস্ত্রোপচার না করার পক্ষে মত দেন চিকিৎসকরা। তবে ৬ মাস পর আবার চিকিৎসকদের দেখাতে বিদেশে যেতে হবে বলে বিএনপি নেতা জানান।
