ডিআইজির গুলির বক্তব্য কালিহাতী নিয়ে নয়: পুলিশ
ফরিদপুরের সালথায় এক সভায় ঢাকা রেঞ্জের ডিআইজি এস এম মাহফুজুল হক নূরুজ্জামানের এক ব্ক্তব্য উদ্ধৃত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে প্রকাশিত খবরের প্রতিক্রিয়ায় পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, গুলি ছোড়ার ওই কথাটি টাঙ্গাইলের কালিহাতীর প্রসঙ্গে নয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে পাঠানো এক ‘প্রতিবাদ’লিপিতে পুলিশ সদর দপ্তর বলেছে, “মূলত তার (ডিআইজি নূরুজ্জামান) এই স্মৃতিচারণ ছিল হেফাজত ইসলামীর আন্দোলনকে ঘিরে তার ভূমিকাকেন্দ্রিক। ওই সময় তিনি কালিহাতীর নাম বা প্রসঙ্গ উচ্চারণ করেননি।”
‘গুলি চালান, দায়দায়িত্ব আমার’ শীর্ষক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে প্রকাশিত সংবাদ প্রতিবেদন নজরে আসার পর এই প্রতিবাদ পাঠানো হয়েছে বলে পুলিশ সদর দপ্তরে কর্মরত এআইজি (এমএন্ডপিআর) মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত ওই প্রতিবাদপত্রে বলা হয়।
ফরিদপুরের সালথার নবকাম পল্লী বিশ্ববিদ্যালয় কলেজ প্রাঙ্গণে গত রোববার কমিউনিটি পুলিশিং ও আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় ডিআইজি নূরুজ্জামানের বক্তব্য ধরে ‘গুলি চালান, দায়িত্ব আমার: ডিআইজি’ শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে; প্রায় একই শিরোনামে অন্য সংবাদ মাধ্যমেও খবরটি এসেছে।
পুলিশের প্রতিবাদপত্রে বলা হয়, খবরটি নজরে আসার পর তারা অনুসন্ধান চালিয়ে দেখেছে ঘটনার প্রেক্ষিত বদলে ফেলে তার বক্তব্যকে ‘বিকৃতভাবে উপস্থাপন’ করা হয়েছে।
ফরিদপুরের ওই সভায় ডিআইজি এস এম মাহফুজুল হক নূরুজ্জামান
“তিনি তার শৈশবের, মহান মুক্তিযুদ্ধের এবং কর্মজীবনের নানা অভিজ্ঞতার স্মৃতি রোমন্থন করেন। হেফাজতে ইসলামীর আন্দোলন, নাশকতার পরিকল্পনা এবং জনগণের নিরাপত্তার প্রসঙ্গ টেনে বলেন তিনি তার ১৭ জেলার এসপিকে বলেছিলেন, ‘আজকে তারা আমাদের দেশকে ধ্বংস করে দেবে, আর আমরা সেটা চোখ বুজে সহ্য করব- এটা হতে পারে না। আমি আমার জীবনের ঝুঁকি নিলাম। আমি আমার পুলিশকে নির্দেশ দিয়েছি যেখানে যেখানে মানুষের জীবনের ঝুঁকি আসবে সেখানে যদি পুলিশ থাকে তাহলে সরাসরি গুলি চালাতে হবে। রাইফেলের গুলি এবং অস্ত্র জনগণের পয়সায় কেনা। তোমার অস্ত্র, গুলি ও বেতন, গাড়ির তেল সবই গরিব মানুষের পয়সায় কেনা। তাদের জীবন ও সম্পদ রক্ষার দায়িত্ব তোমার। যদি এখানে কোনো সরকারি সম্পত্তি নষ্ট হয়, আমার লোককে হত্যা করা হয়, আমার লোকের ওপর আক্রমণ করা হয়- সেখানে যদি পুলিশ থাকে সরাসরি গুলি চালাতে হবে। দায়দায়িত্ব আমার’।”
টাঙ্গাইলের কালিহাতীতে বিক্ষুব্ধ জনতার উপর পুলিশের গুলিবর্ষণে চারজনের মৃত্যুর দুদিনের মধ্যে ফরিদপুরের সালথায় ডিআইজির ওই সভা হয়, খবর প্রকাশের বিশ্বব্যাপী স্বীকৃত রীতি অনুযায়ী প্রাসঙ্গিকতা উপস্থাপন করা হয়েছিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদনে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের এক মুখপাত্র বলেন, “প্রতিবেদনের কোথাও বলা হয়নি যে কালিহাতীর প্রসঙ্গ ধরে ডিআইজি ওই বক্তব্য দিয়েছিলেন। এক্ষেত্রে চলমান প্রেক্ষাপট তুলে ধরতে কালিহাতীর প্রসঙ্গটি উল্লেখ করা হয়েছিল এবং তা করা হয় সাংবাদিকতার সব নিয়ম-নীতি অনুসরণ করেই। তার কোনো ব্যত্যয় ঘটানো হয়নি।”
ডিআইজি নূরুজ্জামানের শনিবার কালিহাতী গিয়ে গুলিবর্ষণকারী পুলিশ সদস্যদের প্রত্যাহারের নির্দেশ দেওয়ার বিষয়টিও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল।
“বিষয়টি নিয়ে কোনো ভুল বোঝাবুঝির অবকাশ থাকলে পুলিশের এই বিস্তারিত বক্তব্যে তার অবসান ঘটবে,” বলেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের মুখপাত্র।
