তিস্তার পানি আবার বিপদসীমার উপরে, ২০ গ্রাম প্লাবিত
উজানের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে নীলফামারীতে তিস্তা নদীর পানি বেড়ে আবার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলার অন্তত ২০টি গ্রাম প্লাবিত হয়েছে।
মঙ্গলবার বেলা ৩টা পর্যন্ত নীলফামারীর ডালিয়ায় পয়েন্টে নদীর পানি বিপদসীমার ৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়।
এতে তিস্তা নদীর তীরবর্তী ডিমলা ও জলঢাকা উপজেলার ১০টি ইউনিয়নের অন্তত ২০টি চরগ্রাম প্লাবিত হয়ে ১০ হাজার পরিবার বন্যা কবলিত হয়ে পড়েছে বলে জানান স্থানীয় জনপ্রতিনিধিরা।
পরিস্থিতি মোকাবিলায় তিস্তা ব্যারাজের সবকটি (৪৪টি) জলকপাট খুলে রেখেছে পানি উন্নয়ন বোর্ড।
স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, ডিমলা উপজেলার পূর্বছাতনাই, পশ্চিম ছাতনাই, খগাখড়িবাড়ি, গয়াবাড়ি, খালিশাচাপানী, ঝুনাগাছ চাপানী এবং জলঢাকা উপজেলার ডাউয়াবাড়ি, গোলমুন্ডা, শৌলমারী ও কৈমারী ইউনিয়নের ২০টি গ্রামের প্রায় ১০ হাজার পরিবার বন্যাকবলিত হয়ে চরম দুর্ভোগের মধ্যে রয়েছে।
ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ি ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ড সদস্য গোলাম রব্বানী জানান, ইউনিয়নের চরখড়িবাড়ি গ্রামে গত বন্যায় বিধ্বস্ত ক্রসবাঁধ দিয়ে ঢলের পানি প্রবেশ করায় ওই গ্রামের প্রায় ৮০০ পরিবারের বাড়িতে কোমর পানি উঠে গেছে।
মঙ্গলবার সকাল থেকে ঢলের পানির সঙ্গে ভাঙন শুরু হলে ওই গ্রামের ৩২ পরিবারের ভিটেমাটি নদীগর্ভে বিলীন হয়ে গেছে বলে জানান তিনি।
টেপাখড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম শাহিন বলেন, ওই এলাকায় তিস্তার বন্যা ও নদী ভাঙনে ভিটেমাটি যেমন বিলীন হচ্ছে, তেমনিভাবে ক্ষতির মুখে পড়েছে আমন ক্ষেত ও শীতকালীন সব্জি ক্ষেত।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র সূত্র জানায়, মঙ্গলবার সকাল ৬টায় তিস্তা ব্যারাজ পয়েন্টে নদীর পানি বিপদসীমার ২৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। সকাল ৯টায় ৫ সেন্টিমিটার কমে বিপদসীমার ২০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হলেও বেলা ৩টার দিকে ১৫ সেন্টিমিটার কমে বিপদসীমার ৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
