অজ্ঞান করে ফেলে দিল ট্রাক থেকে
রাজশাহীতে সাত রাজমিস্ত্রিকে খাবারে অজ্ঞান করে টাকা ও মোবাইল ফোন লুটে নিয়েছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার ভোরে নগরীর মতিহার থানার কাটাখালি এলাকায় এ ঘটনার পর অজ্ঞান ব্যক্তিদের ট্রাক থেকে ফেলে দেওয়া হয় বলে জানান তারা।
এরা হলেন, রাজশাহীর পবা উপজেলার হরিয়ান গ্রামের সোহেল রানা (৩০), চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের তিন ভাই আরিফ হোসেন (২৫), সোহেল রানা (১৮), মোহাম্মদ রাসেল (১৬), তাদের ফুফাত ভাই সোহেল রানা (১৮), রংপুরের মিলন (২০) ও মনিরুজ্জামান (৪২)।
রাজমিস্ত্রি মোহাম্মদ রাসেল বলেন, “সোমবার বেলা ১টার দিকে গাজীপুর চৌরাস্তা থেকে আমরা সতজন ও অজ্ঞাত আরও দুই জন একটি ট্রাকে করে বিভিন্ন গন্তব্যে যাচ্ছিলাম।
“পথে আমাদের সঙ্গে থাকা দুইজন সিরাজগঞ্জে এসে আমাদের সবাইকে পাউরুটি খাওয়ালে আমরা অচেতন হয়ে পড়ি।”
তিনি বলেন, ওই দুইজন তাদের টাকা পয়সা ও মোবাইল ফোন কেড়ে নিয়ে কাটাখালি শহীদ মিনার এলাকায় ট্রাক থেকে ফেলে দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
ট্রাকের চালকও পালিয়ে গেছে বলে জানান তিনি।
হাসপাতালের পরিচালক এএফএম রফিকুল ইসলাম বলেন, হাসপাতালে চিকিৎসাধীন সাত জনের অবস্থা মোটামুটি ভালো। তবে আরিফ ও রাসেলের গালে জখম ও অন্যদের শরীরেরও ছোটখাট জখমের চিহ্ন রয়েছে বলে্ও জানান তিনি।
এর আগে গত ৬ সেপ্টেম্বর রাজশাহী সিটি বাইপাস গরুর হাটে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ৩০ গরু ব্যবসায়ী অজ্ঞান হয়ে পড়ে। এর মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জজ মিঞা (৩৪) নামের একজনের মৃত্যু হয়।
