২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় ভাঙন রোধের দাবিতে কর্মসূচি

মেঘনার ভাঙন থেকে ভোলা সদরের ইলিশা ও রাজাপুরকে রক্ষার দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছে এলাকাবাসী।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2015, 05:25 PM

Updated : 22 Aug 2022, 01:16 PM

আন্দোলনের অংশ হিসেবে ইলিশা ইউনিয়নবাসী মঙ্গলবার ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান ও স্মারকলিপি দিয়েছে।

ইলিশা-রাজাপুর রক্ষা কমিটির আহ্বায়ক মো. সাদেক আলী বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কার্যালয় ঘেরাওসহ বৃহত্তর আন্দোলনের কর্মসূচি নেওয়া হবে।

ভাঙন রোধে দ্রুত সিসি ব্লক ফেলার দাবি জানান তিনি।

তিনি আরও জানান, গত ঈদুল ফিতরের আগের দিন হঠাৎ ব্যাপকভাবে ভাংতে শুরু করে মেঘনার তীর।

এরপর থেকে ভোলা সদরের ইলিশা ও রাজাপুর ইউনিয়নের শত শত ঘরবাড়ি, পাঁচ কিলোমিটার বিস্তীর্ণ জনপদ, একটি কমিউনিটি ক্লিনিক, নতুন ও পুরাতন ফেরিঘাট, দুটি মৎস্য আড়ৎ, দুটি গুচ্ছ গ্রাম, দুটি লঞ্চঘাটসহ গুরুত্বপূর্ণ স্থাপনা বিলীন হয়ে গেছে বলে জানান তিনি।

ভাঙন রোধে প্রথমে জিউ ব্যাগ ও পরে জিও টিউব নিক্ষেপ করেও পানি উন্নয়ন বোর্ড ভাঙন ঠেকাতে পারছে না।