সময় মেনেই চলছে ট্রেন
ছুটি শুরুর আগেই ঢাকাবাসীর ঈদযাত্রা শুরু হলেও কমলাপুরে ঘরমুখো মানুষের চাপ এখনো ততটা বাড়েনি।
মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন গন্তব্যের ট্রেনগুলো মোটামুটি ঠিক সময়েই স্টেশন ছেড়ে গেছে বলে রেল কর্তৃপক্ষ জানিয়েছে।
কমলাপুরের স্টেশন ম্যানেজার সিতাংশু চক্রবর্তী বলেন, “বেলা ১১টা পর্যন্ত ২১টি ট্রেন ছেড়ে গেছে। যাত্রীরা নির্বিঘ্নে গন্তব্যে যেতে পারছেন।”
ঈদের ছুটি শুরুর আগে বুধবার থেকেই যাত্রীদের চাপ বাড়বে বলে মনে করছেন সিতাংশু।
ট্রেনের জন্য অপেক্ষমাণ বিল্লাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জয়ন্তিকা এক্সপ্রেস দুপুর ১২টায় জেনেও দুই সন্তান ও স্ত্রীকে নিয়ে তিনি আগেই স্টেশনে চলে এসেছেন।
“পথে তেমন যানজটে পড়তে হয়নি। ফলে একটু আগেভাগেই স্টেশনে পৌঁছে গেছি।”
তবে নির্ধারিত সময়ের মাত্র পাঁচ মিনিট পর স্টেশনে ঢুকে সকাল ১০টার কিশোরগঞ্জ এক্সপ্রেস ধরতে ব্যর্থ হয়েছেন ব্যবসায়ী আহমেদ গোলাপ।
পরিবারের সাত সদস্যকে নিয়ে স্টেশনে কিছুক্ষণ উদ্বিগ্ন চেহারায় ঘোরাঘুরির পর ১১টায় চট্টগ্রাম এক্সপ্রেসের টিকিট পেয়ে স্বস্তির নিশ্বাঃস ফেলতে দেখা গেছে গোলাপকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, টিকিটে ট্রেন ছাড়ার সময় সকাল ১০টা লেখা থাকলেও বুঝতে ভুল করেছিলেন তারা। আর পুরান ঢাকার নাজিরাবাজারের বাসা থেকে কমলাপুরে আসতে মতিঝিলে যানজটেও খানিকটা সময় নষ্ট হয়েছে।
“চট্টলা এক্সপ্রেসের এক যাত্রী সফর বাতিল করেছেন। তার টিকিটগুলো পেয়ে স্বস্তি পেয়েছি,” বলেন গোলাপের আত্মীয় আবুল হোসেন।
