পাটুরিয়ায় শত শত যান আটকা
ঈদে ঘরমুখো মানুষ ও যানবাহনের চাপে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে যানজটের সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার দুপুরে পাটুরিয়া প্রান্তে শতাধিক যাত্রীবাহী কোচ এবং অর্ধশত প্রাইভেটকার ও মাইক্রোবাসকে ফেরিতে ওঠার অপেক্ষায় থাকতে দেখা গেছে।
এছাড়া মঙ্গলবার থেকে ট্রাক পারাপার বন্ধ থাকায় পাটুরিয়ায় টার্মিনালে আড়াইশ এবং মহাসড়কের উথলী মোড় থেকে বোয়ালিয়া পর্যন্ত দেড়শ মিলে মোট চারশ ট্রাক দীর্ঘ সারিতে রয়েছে।
অপেক্ষায় থাকা এসব যানবাহনের যাত্রী, চালক ও সহকারীরা ঘণ্টার পর ঘণ্টা আটকে থেকে ভোগান্তিতে পড়েছেন।
মানিকগঞ্জ জেলা প্রশাসন জানিয়েছে, মঙ্গলবার থেকে এ রুটে সাত দিন সাধারণ পণ্যবাহী ট্রাক পারাপার বন্ধ থাকবে।
বাংলাদেশ অভন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক শেখ মো. নাসিম জানান, ঈদে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার মানুষ পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে বাড়ি যান।
“এবারও ঈদে মঙ্গলবার সকাল থেকে ঘরমুখো হাজারও যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে পাটুরিয়াঘাটে।”
ঈদে যাত্রী ও যানবাহন পারাপার নিশ্চিত করতে এবার ফেরির সংখ্যা বাড়িয়ে ১৯টি করা হয়েছে বলে জানান তিনি।
তিনি বলেন, নারায়ণগঞ্জে ডকইয়ার্ডে যান্ত্রিক ত্রুটি সারানোর পর সকালে পাটুরিয়ায় খান জাহান আলী ফেরি বহরে যুক্ত হয়েছে।
এ ছাড়া একই ডকইয়ার্ড থেকে মেরামতের পর ফেরি শাহ মখদুম বুধবার পাটুরিয়ায় যানবাহন পারাপারে নিয়োজিত হবে বলে জানান তিনি।
বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মহিউদ্দিন রাসেল জানান, বর্তমানে নয়টি রো রো, তিনটি কে-টাইপ ও ছয়টি ইউটিলিটি মোট ১৮টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে।
“নদীতে তীব্র স্রোতের কারণে যানবাহন পারাপারে ফেরিগুলোর দ্বিগুণ সময় লাগছে। এতে ফেরির ট্রিপ সংখ্যা কমে গেছে।”
তবে, পর্যাপ্ত ফেরি থাকায় যানজট দুপুর পর্যন্ত অনেকটা নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান তিনি।
ঘাট এলাকায় দায়িত্বরত জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক আবুল হোসেন জানান, সকাল থেকে প্রাইভেটকার ও মাইক্রোবাসসহ ব্যক্তিগত যানবাহনের চাপও বেড়েছে।
তিনি বলেন, ব্যক্তিগত গাড়ি পারাপারের জন্য উথলী-পাটুরিয়া সড়কের আরসিএল মোড় থেকে আলাদা একটি বাইপাস সড়ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। এই সড়ক হয়ে ব্যক্তিগত গাড়িগুলো ৫ নম্বর ঘাটে ফেরিতে ওঠছে।
“তবে, ঈদে অতিরিক্ত যানবাহনের চাপ থাকায় ঘাট এলাকায় থেমে থেমে যানজট সৃষ্টি হচ্ছে।”
ঢাকা-আরিচা মহাসড়কসহ পাটুরিয়া ঘাট এলাকায় যানজট নিরসনে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ কাজ করছে।
মানিকগঞ্জ পুলিশ সুপার মাহফুজুর রহমান জানান, যাত্রী ও যানবাহন শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা-আরিচা মহাসড়ক ও পাটুরিয়া ঘাট এলাকায় পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
এ ছাড়া যাত্রীদের নৌনিরাপত্তার জন্য নৌপুলিশও নিয়মিত টহল দিচ্ছে বলে জানান তিনি।
জেলা প্রশাসক রাশিদা ফেরদৌস জানান, “আজ (মঙ্গলবার) থেকে ঈদের তিন দিন পর্যন্ত সাতদিন সাধারণ পণ্যবাহী ট্রাক পারাপার বন্ধ থাকবে।
ঘাট এলাকায় যাত্রীদের নিরাপত্তায় জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত কাজ করছে বলেও জানান তিনি।
