অটোরিকশায় ট্রাকের ধাক্কা, নিহত ৪
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাকের ধাক্কায় একটি অটোরিকশার চালকসহ চার আরোহী নিহত ও তিনজন আহত হয়েছেন।
উল্লাপাড়া থানার ওসি তাজুল হুদা জানান, সোমবার রাত সাড়ে ১০টার দিকে উল্লাপাড়া উপজেলার শ্যামলীপাড়া এলাকায় বগুড়া-নগরবাড়ি সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- অটো চালক বেড়া উপজেলার ফুলচান এবং যাত্রী পাবনা সদরের চর আশুতোষপুর গ্রামের বাচ্চু মিয়া (২১), আলমগীর হোসেন (২২) ও বিপ্লব (১৭)।
ওসি জানান, অটোরিকশাটি সলঙ্গার হাটিকুমরুল গোলচত্বর থেকে পাবনার দিকে যাচ্ছিল। শ্যামলীপাড়ায় একটি ট্রাক পেছন থেকে তিন চাকার বাহনটিকে ধাক্কা দিলে সেটি দুমড়ে মুচড়ে যায়।
এতে অটোরিকশার সাত আরোহীর সবাই আহত হন। তাদের উদ্ধার করে প্রথমে উল্লাপাড়া স্থানীয় হাসপাতালে ও পরে সিরাজগঞ্জ হাসপাতালে পাঠানো হয়।
সিরাজগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগে মেডিকেল অফিসার রোকনুজ্জামান জানান, হাসপাতালে আনার আগেই দুই যাত্রীর মৃত্যু হয়। আর ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় আরেক যাত্রী ও অটো চালক মারা যান।
আহত যাত্রী মানিক, তারেক ও মাকিন ইসলাম এ হাসপাতালেই চিকিৎসা নিচ্ছেন বলে রোকনুজ্জামান জানান।
