ঈদে নজরে ২৮৭ পোশাক কারখানা
ঈদুল আজহার আগে দেশের তৈরি পোশাক শিল্পে যাতে কোনো ধরনের অস্থিরতা সৃষ্টি না হয় সেজন্য ২৮৭টি গার্মেন্টস কারখানাকে বিশেষ নজরদারিতে রেখেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
এসব কারখানায় সময়মত বেতন-ভাতা পরিশোধ নিশ্চিত করতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে তৈরি পোশাক খাতের মালিকদের সংগঠন বিজিএমইএকে বলা হয়েছে। পাশাপাশি পরামর্শ দেওয়া হয়েছে, ঈদের আগে কোনো কারখানা থেকে শ্রমিক ছাঁটাই যেন না করা হয়।
ঈদ উপলক্ষে গার্মেন্টস শ্রমিকদের বকেয়া ভেতন-ভাতা যথাসময়ে পরিশোধসহ শিল্পাঞ্চলে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার বিষয়ে ১৩ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সভার কার্যবিবরণী থেকে এ তথ্য পাওয়া গেছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন স্বাক্ষরিত ওই কার্যবিবরণীতে বলা হয়, গার্মেন্টস সেক্টরে শ্রমিক অসন্তোষের অন্যতম কারণ সময়মত বেতন-ভাতা পরিশোধ না করা।
চিহ্নিত ২৮৭টি গার্মেন্টস কারখানায় বেতন-ভাতা নিয়ে সমস্যা হতে পারে আশঙ্কা করে এসব কারখানায় বিশেষ নজরদারি করতে পুলিশ, পুলিশের বিশেষ শাখা (এসবি), শিল্প পুলিশ ও এনএসআইকে নির্দেশনা দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
এছাড়া শ্রমিকদের বেতন-ভাতা সময়মতো পরিশোধের জন্য বাংলাদেশ ব্যাংককে ওই কার্যবিবরণী পাঠিয়ে শিল্পাঞ্চলে অবস্থিত ব্যাংকের শাখাগুলোকে দ্রুত ও সহজে ব্যাংকিং সেবা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে পরামর্শ দেওয়া হয়।
সোমবার বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন ভিবাগ থেকে এক সার্কুলার জারি করে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
বিজিএমইএর তথ্য অনুযায়ী, তৈরী পোশাক শিল্পে বর্তমানে তিন হাজার কারখানা চালু রয়েছে। এসব কারখানায় প্রায় ৪৪ লাখ শ্রমিক কাজ করছেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই কার্যবিবরণীতে বলা হয়, এছাড়া বিজিএমইএ আরও ১২০০ কারখানাকে বিশেষ পর্যবেক্ষণে রেখেছে।
একই সঙ্গে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, চট্টগ্রাম ও খুলনাসহ অন্যান্য শিল্পাঞ্চলে যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি না হয় সে বিষয়ে সতর্ক দৃষ্টি রাখতে আইন-শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এসব এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়।
এ বিষয়ে বিজিএমইএর সদস্য বিদায়ী সভাপতি আতিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা পুরো সেক্টরে নজরদারি করছি, যাতে কোথাও কোনো সমস্যা না হয়। ”
এখন পর্যন্ত কোথাও কোনো সমস্যা দেখা যায়নি দাবি করে তিনি বলেন, “মাত্র তিনটি কারখানায় বেতন-ভাতা পরিশোধ নিয়ে সমস্যার আভাস পাওয়া যাচ্ছে, আমরা সমাধান করার চেষ্টা করছি। আশা করছি দু-একদিনের মধ্যে সমাধান হয়ে যাবে।”
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই কার্যবিবরণীতে আরও দেখা যায়, শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ সৃষ্টির অপপ্রয়াস চলার আশঙ্কা প্রকাশ করে এর সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার পরামর্শ রয়েছে।
