২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় খুন হয়েছেন এক গৃহবধূ।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2015, 11:30 PM

Updated : 22 Aug 2022, 01:16 PM

ধর্ষণের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে দুর্বৃত্তরা তাকে হত্যা করে বলে স্থানীয়রা পুলিশকে জানিয়েছে।

নিহত শরিফা বেগম (২৩) দুর্গাডাঙ্গা এলাকার ইউনুস আলীর স্ত্রী। রোববার রাতে মৃত্যু হয় তার।

চিরিরবন্দর থানার এসআই ইফতেখারুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই এলাকার সেতাব উদ্দিনের ছেলে আনিছুর রহমান (২৭) এবং আব্দুল জব্বারের ঘরজামাই খবির উদ্দিন (৫০) ইউনুসের ঘরে ঢুকে শরিফাকে ধর্ষণের চেষ্টা করে।

“এ সময় শরিফা চিৎকার দিলে আনিছ ও খবির তার মুখে বিষ ঢেলে পালিয়ে যায়।”

এরপর প্রতিবেশীরা শরিফাকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ওই রাতেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনার সময় শরিফার স্বামী ইউনুস দুর্গাডাঙ্গা বাজারে তার নিজের খাবারের হোটেলে ছিলেন বলে জানিয়েছেন এসআই ইফতেখারুল ইসলাম।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ঘটনায় শরিফার স্বামী ইউনুছ আলী চিরিরবন্দর থানায় ওই দুজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দাখিল করেছেন।

লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছে।