২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশের বিরুদ্ধে কামরাঙ্গীর চরের জমি দখলচেষ্টার অভিযোগ

রাজধানীর কামরাঙ্গীর চরের এক ব্যক্তি অভিযোগ করেছেন, পুলিশ তাদের একটি জমি দখলের পাঁয়তারা চালাচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2015, 05:09 PM

Updated : 22 Aug 2022, 01:16 PM

১৪০ শতাংশ আয়তনের ওই জমিটি নিজের কেনা জমি দাবি করে সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে পুলিশের বিরুদ্ধে অভিযোগ করেন শাহ আলম নামে ওই ব্যক্তি।

তবে কামরাঙ্গীর চর থানার ওসি মো. মোহসীন শেখ বলেছেন, ওই জমিটি খাস জমি অর্থাৎ সরকারি সম্পত্তি।

কামরাঙ্গীর চরের বাসিন্দা শাহ আলম বলেন, নিজের ১৪০ শতাংশ জমির পুরোটাই বিভিন্ন জনের কাছে সাব কবলা ও বায়না সূত্রে বিক্রি করেন তিনি। ক্রেতাদের ওই সব প্লটের দখলও বুঝে দিয়েছেন।

“কিন্তু ১ সেপ্টেম্বর কোনো নোটিস ছাড়া কামরাঙ্গীরচর থানার পুলিশ আমাদের ওই সম্পত্তি দলবল নিয়ে এসে পরিদর্শন করে যায়।”

এর দুদিন পর লালবাগ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও জমিটি দেখতে গিয়েছিলেন জানিয়ে শাহ আলম বলেন, “কারণ থানায় জানতে চাইলে বলা হয়, ওই জায়গায় কামরাঙ্গীর চর থানার জন্য স্থায়ী ভবন হবে।”

জায়গাটি ব্যক্তি মালিকানাধীন বলে সব কাগজপত্র দেখানোর পরও থানার কর্মকর্তারা তা শুনতে রাজি হচ্ছেন না বলে তার অভিযো্গ।

তিনি বলেন, ১৩ সেপ্টেম্বর ভোর রাতে পুলিশ এসে ওই জমির উপর স্থাপিত বিভিন্ন কারখানা ও বিভিন্ন স্থাপনা ভেঙে দেয়।

এ অভিযোগের বিষয়ে জানতে চাইলে ডিএমপির লালবাগ বিভাগের উপ-কমিশনার মোহাম্মদ মফিজ উদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফো ডটকমকে বলেন, “বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিতে হবে।”

ওই জমিটি খাস জমি জমি দাবি করে কামরাঙ্গীর চর থানার ওসি মোহসীন শেখ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওখানে মাদকের আড্ডা হয় বিধায় এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে ভাংচুর করেছে।”

ও্ই জমিতে থানা ভবন নির্মাণের কোনো পরিকল্পনা রয়েছে কি না- জানতে চাইলে তিনি বলেন, “এটা প্রশাসনিক বিষয়। আমি যতটুকু জানি ওই জমির সিএস, এসএ, আরএস সবকিছুতে খাস জমি হিসেবে উল্লেখ আছে। এটা ব্যক্তি মালিকানার জমি নয়।”