ঈদে মহাসড়কে পুলিশের নানা প্রস্তুতি
যাত্রীদের নিরাপদে ও নির্ঝঞ্ঝাটে বাড়ি ফিরতে পুলিশ পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছে বলে জানিয়েছেন পুলিশের ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক এসএম মাহফুজুল হক নুরুজ্জামান।
সোমবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের চন্দ্রা মোড়ে পুলিশ বক্সে সাংবাদিকদের তিনি বলেন, ঈদে মানুষ যাতে চাঁদামুক্তভাবে নিরাপদে বাড়ি ফিরতে পারে, রাস্তায় যেন মানুষ কষ্ট না পায় সেজন্য পুলিশের সব রকমের প্রস্তুতি রয়েছে।
ঈদ-উল-আজহা উপলক্ষে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা মোড়কে কেন্দ্র করে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এক হাজার আনসার ও এক হাজার পুলিশ সদস্য ছাড়াও কমিউনিটি পুলিশ, পরিবহন সমিতির পক্ষ থেকে স্বেচ্ছাসেবকরা পালাক্রমে কাজ করবে বলে জানান তিনি।
টাঙ্গাইলের কালিহাতিতে চারজন নিহত হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করে ডিআইজি জানান, এই ঘটনায় তদন্তে কোনো পুলিশ সদস্যের দোষ প্রমাণ হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।
পোশাক পরা পুলিশের পাশাপাশি প্রচুর সংখ্যক সাদা পোশাকের পুলিশও দায়িত্বে রয়েছে বলে জানান তিনি।
ডিআইজি নুরুজ্জামান পরে মহাসড়ক ঘুরে দেখেন এবং সড়ক ব্যবস্থাপনা বিষয়ে পুলিশ কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ, হাইওয়ে পুলিশ সুপার শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তার সঙ্গে ছিলেন।
মহাসড়কে গাজীপুর পুলিশের পরিকল্পনা
পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে মহাসড়কে যানজট নিরসনে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে গাজীপুর পুলিশ বিভাগ।
২০ সেপ্টেম্বর থেকে এই পরিকল্পনা অনুযায়ী কাজ চলছে বলে জানান গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ।
সোমবার তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুরো জেলাকে দুইটি সেক্টরে ভাগ করে কাজ করছে পুলিশ।
“প্রতি সেক্টরে একজন করে অতিরিক্ত পুলিশ সুপার ও একজন করে সিনিয়র সহকারী পুলিশ সুপার নিয়োজিত রয়েছেন। প্রথম সেক্টরে ৭৫টি এবং দ্বিতীয় সেক্টেরে ৫০টি পয়েন্টে পুলিশ দায়িত্ব পালন করছে। এর সঙ্গে রয়েছে ৩০টি মোটরসাইকেল মোবাইল টিম।”
১ নম্বর সেক্টরে ১৮টি এবং ২ নম্বর সেক্টরে ১২টি মোটরসাইকেল মোবাইল টিম দায়িত্ব পালন করে যাচ্ছে বলে জানান তিনি।
তিনি জানান, যেসব পয়েন্টে অন্য কোনো যানবাহন প্রবেশ করতে পারে না সেসব পয়েন্টে যানজট নিরসনে এ মোটরসাইকেল টিম কাজ করবে। এ কাজে প্রতি পয়েন্টে একটি করে টিমকে একজন করে এসআই নেতৃত্বে দিচ্ছেন।
তাছাড়া মহাসড়কে বিকল হওয়া গাড়ি সরানোর জন্য চন্দ্রা, টঙ্গী, চান্দনা চৌরাস্তা এবং রাজেন্দ্রপুর চৌরাস্তা এলাকায় ৪টি রেকার মোতায়েন করা হয়েছে বলে জানান এসপি।
গাজীপুর ট্রাফিক বিভাগের সহকারী পুলিশ সুপার মো. সাখাওয়াত হোসেন জানান, মহাসড়কে ছিনতাই ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধ দমনে প্রতি সেক্টরে ৪টি করে টিম কাজ করছে। পুলিশ সুপারের কার্যালয়ের মূল কন্ট্রোল রুমের মাধ্যমে চান্দনা চৌরাস্তা ও চন্দ্রা মোড়ের সাব কন্ট্রোল রুমসহ জেলার মহাসড়কগুলোর সার্বিক পরিস্থিততি মনিটরিং করা হচ্ছে।
“জেলার সড়ক-মহাসড়কগুলোতে যানজট নিরসনে পুলিশের এক হাজার সদস্যের সঙ্গে আনসার ও কমিউনিটি পুলিশের আরও প্রায় দুই হাজার সদস্য মোতায়েন রয়েছে।”
রোববার থেকে তারা পালাক্রমে তিন রাত মহাসড়কে দায়িত্ব পালন শুরু করেছেন বলে জানান তিনি।
