যশোরে গরুর দাম নিয়ে হোঁচট
কোরবানির জমজমাট বাজার ধরার আশায় গরু লালন-পালন করে হোঁচট খেয়েছেন যশোরের সীমান্ত এলাকার খামারিরা।
শনি ও রোববার শার্শার বাগআঁচড়া সাতমাইল ও বেনাপোলের নাভারন পশুর হাটে বিপুল সংখ্যক গরু উঠলেও বেচা-কেনায় ভাটা দেখা যায়।
দক্ষিণ-পশ্চিম অঞ্চলের সবচেয়ে বড় পশুরহাট সাতমাইলে আগের বছরগুলোর তুলনায় শনিবার কোরবানির আগের দ্বিতীয় হাটে পশু বিক্রি এক তৃতীয়াংশে নেমে এসেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
শার্শা উপজেলা পরিষদের নাজির কফিল মাহমুদ জানান, গতবছর কোরবানির আগে প্রতি হাটে গড়ে ১৭ হাজার ৩৮৪টি পশু বিক্রি হলেও এবার এ সংখ্যা গড়ে চার হাজারে নেমে এসেছে।
স্থানীয় খামারিদের পর্যাপ্ত পশু হাটে আসার পরও শনিবার হাটে মাত্র তিন হাজার ৯০০টি পশু বিক্রি হয় বলে জানান তিনি।
হাট ঘুরে বিপুল সংখ্যক গরু দেখা যায়, যেগুলোর বেশিরভাগই বড় আকারের। ছয় থেকে সাত মণ ওজনের এসব গরুর দাম লাখের উপরে হাঁকছেন খামারিরা।
কোরবানিতে মাঝারি আকারের গরুর চাহিদা বেশি থাকায় আগের বছরগুলোতে ভারতীয় এ সাইজের গরুর কেনা-বেচায় বাজার জমজমাট থাকত। এবার ভারতীয় গরুর সংখ্যা কম থাকায় বিক্রিতে ভাটা পড়ছে বলে বিক্রেতারা মনে রছেন।
এছাড়া খামারিরা গরুর দাম বেশি চাওয়ায় ব্যাপারী ও সাধারণ ক্রেতারা অনেকটা ‘মুখ ফিরিয়ে’ নিয়েছেন বলেও মত দিলেন কয়েকজন।
স্থানীয় গরু ব্যবসায়ী আসাদুল ইসলাম বলেন, “এই হাটের ক্রেতাদের ৮০ ভাগই পাইকার। ঢাকা ও চট্টগ্রামসহ দেশের ২০টি জেলার এক হাজার পাইকার প্রতি ঈদে এখানে গরু কিনতে আসেন, কিন্তু এবার তারা না আসায় গরুর বেচাকেনা নেই।”
শার্শা উপজেলার প্রাণি সম্পদ কর্মকর্তা জয়দেব সিংহ বলেন, ভারত থেকে গরু আসা কমে যাওয়ায় এবার সীমান্তের অন্তত দেড় হাজার খামারি একবছর ধরে লাখখানেক গরু-ছাগল লালন পালন করেছে।
“এবার তারা দেশি গরুর ভালো দাম পাবেন বলে আশা করেছিলেন। কিন্তু হাটে গরু বেঁচতে না পারায় হতাশ হচ্ছেন অনেকে।”
“এতে খরচ আরও বেড়ে গেল। কারণ আর কদিন গরু দুটো পালতে হবে কে জানে?”
উলাশি গ্রামের খামারি আবু তালেব মিয়া জানান, খৈল, ভুষি, খুদের ভাত ও খড় খাইয়ে তিনি গরু মোটাতাজা করেছেন। কৃমির ওষুধ ছাড়া গরুকে বাড়তি কোনো ওষুধ দেননি।
“এবার কোরবানির ঈদে গরু বিক্রি করে লাখ টাকা লাভের আশা করেছিলাম। কিন্তু পরপর তিন হাটে তুলেও গরু বেচতে না পেরে ফিরিয়ে নিতে হল।”
নাভারনের রুহুল আমিনের গরুর দাম উঠেছে ৬৫ হাজার টাকা। ৭৫ হাজার টাকা হলে গরুটি ছাড়বেন তিনি।
রোববার সন্ধ্যা ঘনিয়ে আসায় গরু নিয়ে বাড়ি ফেরার প্রস্তুতি নেওয়ার সময় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে কথা বলেন তিনি।
“প্রতিটি গরুর পিছনে অনেক টাকা খরচ করতে হয়েছে। এসব গরু বিক্রির উপযোগী করে তুলতে প্রচুর শ্রম দিতে হয়েছে। কিন্তু সে অনুপাতে দাম উঠছে না।”
হাটে অনেক ঘোরাঘুরির পর ৪৮ হাজার টাকা দিয়ে মাঝারি একটি গরু কিনেছেন রামেরডাঙ্গা গ্রামের মিজানুর রহমান।
তিনি বলেন, “এবার কোরবানির পশু কেনা বেশ কঠিন হয়ে পড়েছে। গরুর দড়ি ধরলেই দাম ৫০-৬০ হাজার টাকা হাঁকা হচ্ছে। এতে আমাদের মত ক্রেতারা চরম বিপাকে পড়েছেন।”
কোরবানির গরু কিনতে আসা বেনাপোলের ধান্যখোলা মাদ্রাসার শিক্ষক আব্দুর রহিম বলেন, খামারিদের পালন করা গরুতে হাট সয়লাব হয়ে গেছে। ভারতীয় গরু না থাকায় তারা দাম কিছুটা বেশি চাচ্ছে।
শনিবার সাতমাইল হাটে কথা হয় চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানার মল্লিকপুর খলসি গ্রামের আবুল কালাম ব্যাপারীর সঙ্গে।
তিনি বলেন, হাট থেকে ৪৫টি গরু কিনেছেন। এর আগে কেনা ১৬টি গরু দিয়ে একটি ট্রাক চট্টগ্রামের পাহাড়তলীর সাগরিকা গরুর হাটে পাঠিয়েছেন তিনি।
“আরও তিন ট্রাক গরু সেখানে পাঠাব।”
এসব গরু ৬০ হাজার থেকে দেড় লাখ টাকা দরে বিক্রি হবে বলে আশা করছেন তিনি।
কুষ্টিয়ার হাতিয়া গ্রামের আলিমুদ্দিন ব্যাপারী ৬৫টি গরু কিনে তা ঢাকার গাবতলী ও আগারগাঁও পশুর হাটে পাঠানোর কথা জানান।
রাজশাহীর পশু ব্যবসায়ী আফজাল হোসেন ৩০টি মহিষ কিনে নিয়ে যান রাজশাহীর সিটি হাটে।
ব্যাপারীরা বলেন, ভারতীয় গরুতে লাভ বেশি হয়। তাই ওই গরু কিনতে এ হাটে আসেন তারা।
“হাটে ভারতীয় গরুর সংখ্যা কম। তাই খামারিদের গরু কিনতে সাহস পাচ্ছি না। একেবারে ফিরে না গিয়ে সামান্য কটি গরু নিয়ে যাচ্ছি,” বলেন আফজাল।
