ঈদের প্রধান জামাত সকাল ৮টায়
বরাবরের মত এই কোরবানি ঈদেও দেশের প্রধান জামাত হবে সকাল ৮টায়, জাতীয় ঈদগাহ ময়দানে। তবে আবহাওয়া খারাপ থাকলে সকাল সাড়ে ৮টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে প্রধান জামাত হবে।
ইসলামিক ফাউন্ডেশন ঈদ জামাতের এই সময় নির্ধারণ করেছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল মেহেদী।
রাষ্ট্রপতি আবদুল হামিদ, সুপ্রিম কোর্টের বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, রাজনীতিবিদসহ সব শ্রেণি পেশার মানুষ ঈদের প্রধান জামাতে অংশ নেবেন।
বাংলাদেশের মুসলমানরা ঈদুল আজহা উদযাপন করবেন আগামী ২৫ সেপ্টেম্বর শুক্রবার। সেদিন কোথাও কোথাও হালকা বৃষ্টি হলেও ভারি বর্ষণের ‘শঙ্কা কম’ বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
অধিদপ্তরের পরিচালক মো. শাহ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কখনো রোদ, কখনো হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে প্রতিকূল আবহাওয়ায় ঈদ জামাত বিঘ্নিত হওয়ার শঙ্কা তেমন দেখছি না।”
বায়তুল মোকাররমে এবারও পাঁচটি জামাত হবে। প্রথম জামাত হবে সকাল ৭টায়। সকাল ৮টা, ৯টা, ১০টা এবং পৌনে ১১টায় হবে পরের জামাতগুলো।
সকাল সাড়ে ৭টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় একটি ঈদ জামাত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে সকাল ৮টা ও ৯টায় হবে দুটি জামাত।
এছাড়া সলিমুল্লাহ হলের মাঠে সকাল ৮টায় এবং শহীদুল্লাহ হলের মাঠে সকাল ৮টায় ঈদের নামাজ হবে।
চট্টগ্রামে ঈদের প্রথম ও প্রধান জামাত হবে জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে। নগরীর এম এ আজিজ স্টেডিয়ামে জেলা প্রশাসনের উদ্যোগে ঈদ জামাত হবে। পাশাপাশি নগরীর শাহী আন্দরকিল্লা জামে মসজিদেও ঈদের নামাজ হবে।
সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় এবার চট্টগ্রাম নগরীতে দেড় শতাধিক মসজিদ ও ঈদগাহে ঈদ জামাত হবে।
প্রতিবারের মতো এবারও দেশের বৃহত্তম ঈদ জামাত হবে কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দানে। এছাড়া ফরিদপুরের বিশ্ব জাকের মঞ্জিলে সকাল ১০টায় ঈদ জামাতে যাতে অংশ নেবেন এক লাখের বেশি মানুষ।
