যশোরে ‘হিজবুত তাহরির নেতা’ আটক
নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘হিজবুত তাহরিরের এক আঞ্চলিক কমান্ডারকে’ পুলিশ যশোর থেকে আটক করেছে।
সোমবার ভোরে জেলা শহরের পুরাতন কসবা এলাকার বাড়ি থেকে তানজীব আহমেদ ওরফে আশরাফুলকে (২২) আটক করা হয়।
দুপুরে যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান এক প্রেস ব্রিফিংয়ে জানান, তানজীব পুরাতন কসবা শহীদ মশিউর রহমান সড়কের আব্দুল আজিজের ছেলে ও সরকারি সিটি কলেজের স্নাতকের (সম্মান) ছাত্র।
তানজীব হিজবুত তাহরিরের আঞ্চলিক কমান্ডার বলেও এসপি জানান।
অভিযানকালে তার বাড়ি থেকে হিজবুত তাহরিরের লিফলেট, বইসহ বিভিন্ন প্রকাশনা ও একটি ল্যাপটপ উদ্ধার করা হয় বলে জানান এসপি আনিসুর।
প্রেস ব্রিফেংয়ে এসপি জানান, গত ৪ সেপ্টেম্বর হিজবুত তাহরিরের অনলাইন সম্মেলনের পর সারাদেশে সংগঠনটির উপর বিশেষ নজরদারি শুরু হয়।
“এরপর পুলিশ হেডকোয়ার্টার্সের কারিগরি সহযোগিতায় আশরাফুলকে আটক করা হয়।
“এ সময় একটি ল্যাপটপসহ বিপুল পরিমাণ লিফলেট ও কাগজপত্র জব্দ করা হয়।”
পুলিশ সুপার আরও বলেন, তানজীবের বাবা আব্দুল আজিজ মিশরে থাকেন।
“তার পাঠানো এই ল্যাপটপে হিজবুত তাহরিরের অনলাইন সম্মেলনের ভিডিও ফুটেজ ছাড়াও আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএস-এর বিভিন্ন ভিডিও বার্তা রয়েছে।
“এই পুরো পরিবারটিই জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত। তানজীবের বোন ও ভগ্নিপতিও এই সংগঠনের সদস্য।”
এসপি বলেন, যশোরের ধর্মতলা মোড়ের ছুটিপুর সড়কের আব্দুস সালামের ছেলে রায়হানও (২২) হিজবুত তাহরিরের সঙ্গে জড়িত। তাকে আটকের জন্য পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।
প্রেস ব্রিফিংকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কেএম আরিফুল হক, সহকারী পুলিশ সুপার মীর শাফিন মাহমুদ প্রমুখ।
