গাজীপুরে দুর্ঘটনায় নিহত দুজনের পরিচয় মিলেছে
গাজীপুরের শ্রীপুরে দুটি ট্রাকের সংঘর্ষে নিহত তিনজনের মধ্যে দুজনের পরিচয় জানা গেছে।
রোববার রাতে উপজেলায় মুলাইদ এলাকায় এ দুর্ঘটনায় চার জন আহতও হন।
নিহতদের মধ্যে দুজন হলেন ট্রাক চালক টাঙ্গাইলের মধুপুর উপজেলার দক্ষিণ নাটিখোলা গ্রামের আজাহার আলীর ছেলে ইয়াকুব আলী (৪৮) এবং চুয়াডাঙ্গা সদরের ফিরোজ রোড এলাকার নাদির আহমেদের ছেলে জিয়াউর রহমান রনি (৩২)।
মাওনা মহাসড়ক থানার ওসি মো. হেলালুজ্জামান জানান, আবেদনের প্রেক্ষিতে মাওনা হাইওয়ে থানা পুলিশ স্বজনদের কাছে দুজনের লাশ হস্তান্তর করেছে। অপরজনের লাশ পুলিশ হেফাজতে রয়েছে।
আহতদের মধ্যে একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ও অন্যদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের পরিচয় জানাতে পারেননি তিনি।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ওসি জানান, ময়মনসিংহ থেকে ঢাকামুখী পাওয়ার ফিড মিল থেকে মুরগির খাবার বহনকারী একটি ট্রাক মহাসড়কে ‘রং সাইডে’ চলছিল।
“ওই সময় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা অপর একটি ট্রাকের সঙ্গে এটির সংঘর্ষ হলে মুরগির খাবার ভরতি ট্রাকটির সামনের চাকা খুলে উল্টে যায়।”
এতে ঘটনাস্থলেই দুই জন এবং স্থানীয় হাসপাতালে নেওয়ার পথে আরেকজনের মৃত্যু হয় বলে জানান তিনি।
আহতরা পথচারী না কি ট্রাকের যাত্রী তা জানা যায়নি বলে জানান তিনি।
