ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ফের যানজট
রাতে কিছুটা গতি বাড়লেও সকাল থেকে বৃষ্টির কারণে আবারও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচলে দেখা দিয়েছে কচ্ছপগতি।
রাজধানী থেকে উত্তরাঞ্চলগামী বাস এবং ঢাকাগামী কোরবানীর পশুবোঝাই ট্রাকের চাপে মহাসড়কের উভয় পথেই থেমে থেমে যানজটে যাত্রীদের বিড়ম্বনা পোহাতে হচ্ছে।
গোড়াই মহাসড়ক থানার ওসি মো. হুমায়ুন কবির জানান, কালিয়াকৈরের চন্দ্রা ত্রিমোড় ও আশপাশের এলাকায় গাড়ির গতি কম রাখতে হচ্ছে।
কোনাবাড়ির সালনা মহাসড়ক থানার ওসি দাউদ খানও যানজটের খবর দিয়ে জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন পয়েন্টে পুলিশ সদস্যরা কাজ করছেন।
সিরাজগঞ্জ থেকে ভোর ৩টায় গরুর ট্রাক নিয়ে ঢাকায় রওনা দিয়ে পাঁচ ঘণ্টায় চন্দ্রা পৌঁছার কথা জানিয়েছেন আমিন উদ্দিন।
ঢাকা ছেড়ে আসা গাইবান্ধাগামী ‘শ্যামলী বাংলা’ পরিবহনের যাত্রী জয়নাল আবেদিন জানালেন, সকাল ৬টায় রওনা হয়ে সাড়ে তিন ঘণ্টায় সাভারের জিরানী পার হলেও চন্দ্রায় যানজটে বসে আছেন।
গাজীপুর ট্রাফিক বিভাগের এএসপি মো. সাখাওয়াত হোসেন জানান, চন্দ্রায় মহাসড়কের একদিকে সচল করতে গিয়ে অন্যদিকে চলাচল ব্যাহত হচ্ছে।
“এছাড়া বৃষ্টির কারণে মহাসড়কের গর্ত হয়েছে। এজন্য চন্দ্রা থেকে কালিয়াকৈর বাসস্ট্যান্ড পর্যন্ত ধীরগতিতে গাড়ি চলছে। এতে গাড়ির চাপ বেড়ে যাচ্ছে।”
ভাঙ্গা মহাসড়কের বিষয়ে সড়ক ও জনপথ বিভাগকে বার বার জানিয়েও কোনো লাভ হয়নি বলে জানিয়েছেন কালিয়াকৈর থানার ওসি ওমর ফারুক।
