২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে চালককে পুড়িয়ে হত্যা, গ্রেপ্তার আরও ১

কিশোরগঞ্জে এক ইজিবাইক চালককে পুড়িয়ে হত্যার মামলায় আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2015, 12:18 AM

Updated : 22 Aug 2022, 01:16 PM

র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের উপ-পরিচালক মেজর মো. রিয়াদুল ইসলাম জানান, ইজিবাইক চালক শামীমকে হত্যা মামলায় রোববার দুপুরে ইটনা উপজেলার রায়টুটি গ্রাম থেকে মো. আল-আমিনকে (১৮) গ্রেপ্তার করা হয়।

আল-আমিন কিশোরগঞ্জ সদর উপজেলার আমআটি শিবপুর গ্রামের মন্নাছ আলীর ছেলে।

এ হত্যাকাণ্ডের ঘটনায় এ নিয়ে তিনজনকে গ্রেপ্তার করল পুলিশ ও র‌্যাব।

এর আগে এ মামলায় গ্রেপ্তার অন্য দুজন হলেন- সদর উপজেলার আমআটি শিবপুর গ্রামের আবীর হোসেন জনি (২২) ও মো. সাজন (১৮)।

গত ১০ সেপ্টেম্বর রাতে আমআটি শিবপুর গ্রামের ইজিবাইক চালক শামীমের গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের চাচা মানিক মিয়া বাদী হয়ে চার জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও তিন-চার জনকে আসামি করে কিশোরগঞ্জ মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।