২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডালমিয়ার মৃত্যুতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক

ভারতের ক্রিকেট বোর্ডের প্রধান জগমোহন ডালমিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2015, 11:56 PM

Updated : 22 Aug 2022, 01:15 PM

রোববার এক শোক বার্তায় রাষ্ট্রপতি বলেন, “বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নে জগমোহন ডালমিয়ার সহযোগিতা ইতিবাচক ভূমিকা রেখেছিল।”

ডালমিয়ার আত্মার শান্তিকামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান রাষ্ট্রপতি।

শেখ হাসিনা ক্রিকেটকে জনপ্রিয় করে তুলতে ডালমিয়ার অবদান স্মরণ করে তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান বলে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়েছে। 

প্রধানমন্ত্রী বলেন, ডালমিয়া ছিলেন বাংলাদেশ ক্রিকেটের একজন সত্যিকারের শুভাকাঙ্ক্ষী। তার মৃত্যুতে বিশ্ব ক্রিকেটের এক অপূরণীয় ক্ষতি হল।

বাংলাদেশ ক্রিকেটের বড় বন্ধু মনে করা হত ডালমিয়াকে। বাংলাদেশে ক্রিকেটের প্রথম বিশ্বআসর আয়োজন সম্ভব হয়েছিল তার দায়িত্বের সময়ই, ১৯৯৮ সালের মিনি বিশ্বকাপ।

বাংলাদেশ ২০০০ সালে টেস্ট স্ট্যাটাস পেয়েছিল, তার পেছনেও অবদান ছিল ডালমিয়ার।

৭৫ বছর বয়সী ডালমিয়ার হাট অ্যাটাক হওয়ার পর গত বৃহস্পতিবার তাকে কলকাতার বিএম বিরলা হার্ট রিসার্চ ইনস্টিটিউটে ভর্তি করা হয়।রোববার তার মৃত্যু হয়।