২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ক্ষমতা বিকেন্দ্রীকরণে রাজনৈতিক সদিচ্ছা দরকার’

ক্ষমতার বিকেন্দ্রীকরণে রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন মন্তব্য করে রাজনৈতিকভাবে বিষয়টির সুরাহা করার আহ্বান জানিয়েছে উদ্বিগ্ন নাগিরক সমাজ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2015, 10:23 PM

Updated : 12 Oct 2022, 04:13 PM

পুরনো খবর:

সুশীল ও রাজনীতিকদের সমালোচনায় ‘উদ্বিগ্ন নাগরিকরা’
তখন কি চেতনার দুয়ার বন্ধ ছিল, প্রশ্ন প্রধানমন্ত্রীর

রোববার রাজধানীতে এক গোলটেবিল আলোচনায় এ আহ্বান জানান জ্যেষ্ঠ নাগরিকরা।

উদ্বিগ্ন নাগরিক সমাজের আহ্বায়ক সাবেক প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা বলেন, “ক্ষমতার বিকেন্দ্রীকরণ একটি রাজনৈতিক সমস্যা। তাই এ সমস্যার সমাধান রাজনৈতিকভাবেই করতে হবে। রাজনৈতিক সদিচ্ছা থাকলে অনেক কিছুই করা সম্ভব।”

গত ফেব্রুয়ারিতে আনুষ্ঠানিকভাবে উদ্বিগ্ন নাগরিক সমাজের যাত্রা শুরু হয়। গত ১১ অগাস্ট প্রথম গোলটেবিল আলোচনায় সাংবিধানিক ও প্রাতিষ্ঠানিক সংস্কারের প্রস্তাব তোলেন তারা। সে সময় তাদের পক্ষ থেকে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য আনারও সুপারিশ করা হয়।

পরদিনই ওই বৈঠকের আলোচকদের প্রতি ইঙ্গিত করে প্রধানমন্ত্রী বলেন, “যারা এক সময় সেনা শাসকদের সঙ্গে ছিলেন, এখন গণতন্ত্রের বিকাশের কথা বলছেন। তখন কি তাদের চেতনার দুয়ার বন্ধ ছিল?”

রোববার আলোচনার শুরুতে শামসুল হুদা তাদের নিয়ে সমালোচনার প্রসঙ্গ টানেন।

তিনি বলেন, “আমাদের নিয়ে কথা উঠেছিল। আমরা এর জবাব দেওয়ার প্রয়োজন মনে করি না। বলা হয়-পদের জন্য আমরা এসব করছি। কিন্তু আমরা কোথাও যাইনি, যেচে গিয়ে পদ চাইনি। ডেকে নিয়ে পদ দেওয়া হয়েছে।”

ভবিষ্যতে কোনো পদ-পদবীর আশা নিয়ে কাজ করছেন না দাবি করে শামসুল হুদা বলেন, “আমরা পদ প্রত্যাশী নই। অনেক কিছু পেয়েছি, নতুন করে পাওয়ার কিছু নেই। আমাদের স্বার্থ একটাই-সচেতন নাগরিক হিসেবে ভবিষ্যত প্রজন্মের জন্য কিছু করা। আমরা যে উদ্দেশ্যে স্বাধীনতা সংগ্রাম করেছি, সে উদ্দেশ্য পূরণ করাই আমাদের লক্ষ্য।”

তিনি বলেন, এ বছরের শুরুতে দেশব্যাপী সংঘাতে জানমালের ব্যাপক ক্ষতি হয়। সে পরিপ্রেক্ষিতে ‘উদ্বিগ্ন নাগরিক সমাজ’ গঠিত হয়।

শামসুল হুদা বলেন, “আমরা দেখেছি যে, প্রধান রাজনৈতিক দলগুলো শুধু নির্বাচন নিয়ে ব্যস্ত থাকে। কিন্তু সুষ্ঠু নির্বাচনের পাশাপাশি দীর্ঘমেয়াদে আমাদের সাংবিধানিক ও বিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোর সংস্কার আনয়ন করা প্রয়োজন। আমরা ক্রমান্বয়ে সর্বমোট ১২টি ক্ষেত্রে সংস্কারের প্রস্তাবনা পেশ করব এবং এ দাবিগুলোর প্রতি সরকারের দৃষ্টি আকর্ষণের পাশাপাশি জনমত গড়ে তুলব।”

রোববারের গোলটেবিল আলোচনায় তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা জনাব এম হাফিজউদ্দিন খান, এমএম শওকত আলী, স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ, পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই)-এর নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর উপস্থিত ছিলেন।

এছাড়া চৌদ্দগ্রাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাশেদা আখতার, রাজবাড়ীর বালিকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  আবুল হোসেন এবং কুমিল্লার লাকসাম উপজেলার উত্তরদা ইউনিয়নের চেয়ারম্যান গোলাম রব্বানীসহ তিনজন এনজিও প্রতিনিধি ছিলেন।

‘উদ্বিগ্ন নাগরিক নিয়ে হতাশা’

উদ্বিগ্ন নাগরিক সমাজের উদ্যোগে মহানগরীর সিরডাপ মিলনায়তনে দ্বিতীয় গোলটেবিল আলোচনার সময় সব মিলিয়ে আলোচক ছিলেন ১৪-১৫ জন। মিলনায়তনে তাদের দ্বিগুণ সংখ্যক সংবাদকর্মী উপস্থিত ছিল এ সময়।

মুক্ত আলোচনায় অংশ নিয়ে ‘উদ্বিগ্ন নাগরিক সমাজের’ গোলটেবিলে এবারই প্রথম আসার কথা জানান কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাশেদা আখতার।

“এখানে দেখছি-সুশীল সমাজের চেয়ে সাংবাদিক ভাই-বোনেরা বেশি। ঢাকায় কি সুশীল সমাজের প্রতিনিধির আকাল পড়েছে! হয়ত উনারা ঢাকার লোকজনকে বুঝাতে পারেনি।”

দুবার নির্বাচিত এ জনপ্রতিনিধি বলেন, “আপনারা উদ্বিগ্ন কেন?...রাজনীতিতে পলিটিক্স ঢুকে গেছে। রাজনীতি থেকে মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে। স্থানীয় সরকার বিভাগ থেকে যদি মুখ ফিরিয়ে নেয় তাহলে কী হবে? এ প্রতিষ্ঠানকে বাঁচাতে হবে।”

সাংবাদিক ও নারী জনপ্রতিনিধিদের নিয়ে গোলটেবিল আলোচনার পরামর্শ দেন তিনি।