সুশীল ও রাজনীতিকদের সমালোচনায় ‘উদ্বিগ্ন নাগরিকরা’
সুশীল সমাজের মধ্যে বিভাজন ও স্বার্থবাজ রাজনীতিকদের সমালোচনা করেছেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে ‘উদ্বিগ্ন নাগরিক সমাজ’র কয়েকজন প্রতিনিধি, যাদের আগের এক উদ্যোগ নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছিল।
তারা বলছেন, ফায়দা দেওয়ার রাজনীতির কারণে সুশীল সমাজ বিভক্ত হয়ে পড়েছে। সে ক্ষেত্রে গণতান্ত্রিক ব্যবস্থা কার্যকর করতে দলের অভ্যন্তরে গণতন্ত্র চর্চা ও সুশীল সমাজকে ভূমিকা রাখতে হবে।
মঙ্গলবার রাজধানীর ব্র্যাক ইন সেন্টারে এক গোলটেবিল আলোচনায় ‘কনসার্নড সিটিজেনস গ্রুপ’ তাদের উদ্বেগের কথা জানায়।
সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, “রাজনৈতিক দল যেভাবে পরিচালিত হচ্ছে যেন সিন্ডিকেটের মতো। দল বেঁধে সিন্ডিকেট করে ব্যবসা হয়। একদল থেকে অন্য দলে যাচ্ছে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য, নিজের সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্যে।”
দলের অভ্যন্তরে গণতন্ত্র চর্চা না থাকলে রাষ্ট্রে গণতন্ত্র প্রতিষ্ঠা দুরূহ বলে মন্তব্য করেন তিনি।
“যে দেশে সিভিল সোসাইটি কার্যকর হবে না, সে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায় না। এখন সুশীল সমাজকে সহ্য করা হয় না। ফায়দা নেওয়ার রাজনীতির কারণে সিভিল সোসাইটিও আজ বিভক্ত। আওয়ামী ও বিএনপিপন্থি সিভিল সোসাইটি হয়ে গেছে।”
তবে সুজন সম্পাদকের সঙ্গে কিছুটা ভিন্নমত প্রকাশ করে সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী বলেন, নিজেদের পক্ষে বক্তব্য না গেলেই সুশীল সমাজকে বিভাজিত দেখা হচ্ছে।
“আমরা কিন্তু কথা বলেই যাব। এ বক্তব্য এক পক্ষের পছন্দ না হলে তাকে অন্য পক্ষের দিকে ঠেলে দেওয়া হয়। এ বিভাজন সমাজকে বিনষ্ট করে ফেলছে।”
রাশেদা চৌধুরী গণতান্ত্রিক দুর্বলতা দূর করতে সাংবিধানিক সংস্কার কমিশন গঠনের দাবিও জানান।
“কিছু রাজনৈতিক ব্যক্তি খারাপ হতে পারে; কিন্তু বেশিরভাগ রাজনৈতিক নেতাই দেশের জন্য ভালো কিছু করে। সে ক্ষেত্রে রাজনৈতিক দল ও নেতাদেরকে গণতন্ত্রের জন্য ভূমিকা রাখতে হবে বেশি।”
আলোচনা সভায় বেশ কয়েকজন সংবিধান সংস্কার কমিশন গঠনের প্রস্তাব দেন।
তারা বলেন, ক্ষমতার নিয়ন্ত্রণ ও ভারসাম্য থাকলে সরকারের প্রতিটি বিভাগ (নির্বাহী, আইনসভা ও বিচার বিভাগ) একে অন্যের সীমারেখা অতিক্রম না করে থাকতে পারে।
গোল টেবিল আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্যারিস্টার মনজুর হাসান।
তিনি বলেন, সংবিধান কোনো পাথরে খোদাই করার দলিল নয়। সময়ের বিবর্তনের সঙ্গে সঙ্গে এগুলোকে প্রাসঙ্গিক ও জনগণের প্রয়োজন মেটানোর স্বার্থে পর্যালোচনা করা আবশ্যক।
সাংবিধানিক ও প্রাতিষ্ঠানিক সংস্কার প্রস্তাব হিসেবে ‘উদ্বিগ্ন নাগরিক সমাজ’র পক্ষ থেকে সাত দফা সুপারিশও তুলে ধরা হয়।
এরমধ্যে রয়েছে ইলেক্টরাল কলেজ ব্যবহার হরে সরাসরি রাষ্ট্রপতি নির্বাচন ও সংসদ বিলুপ্ত করার ক্ষমতা ছাড়াও রাষ্ট্রপতির ওপর বেশি ক্ষমতা ন্যস্ত; একই ব্যক্তির একাধিক ভূমিকা ও প্রধানমন্ত্রীর মেয়াদের ওপর সীমাবদ্ধতা আরোপ করা; সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন; মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ পদ, বিচারপতি, স্বাধীন কমিশন নিয়ে আইন প্রণয়ন এবং বৈদেশিক চুক্তি সংসদে উপস্থাপন ও অনুমোদনের বিধান করা।
নাগরিকদের এই ফোরামের আহ্বায়ক সাবেক সিইসি এটিএম শামসুল হুদা বলেন, “শুধু নির্বাচন ঠিক রেখে গণতন্ত্র টেকসই রাখা যায় না। গত চারটি নির্বাচনে তার প্রমাণ হয়েছে।
“কিন্তু হতাশ হওয়ার কোনো কারণ নেই। এ অবস্থার পরিবর্তন আসবে। কিছু সংস্কার করলে দেশ পরিচালনায় পরিবর্তন আসছে, গণতন্ত্রের অবস্থানও সংহত হবে।”
নির্বাচন কমিশন, সরকারি কর্ম কমিশনসহ প্রতিটি সাংবিধানিক প্রতিষ্ঠানের জন্য নিয়োগ পদ্ধতি সুনির্দিষ্ট করতে আইন প্রণয়নেরও দাবি জানান সাবেক এ সিইসি।
গোলটেবিল আলোচনায় আরও অংশ নেন এম হাফিজ উদ্দিন খান, অধ্যাপক তোফায়েল আহমেদ, আহসান এইচ মনসুর, রওনক জাহান, আশিকুর রহমান, মুহাম্মদ জাহাঙ্গীর, শাহদীন মালিক প্রমুখ।
গত ফেব্রুয়ারিতে আনুষ্ঠানিকভাবে ১৩ জনের কমিটি দিয়ে এ ফোরামের যাত্রা শুরু হয়।তবে তখন তাদের উদ্যোগ হোঁচট খেলে বেশ কিছু দিন তাদের তৎপরতা আর দেখা যায়নি।
