নাগরিক সমাজের উদ্যোগের শুরুতেই হোঁচট
বাংলাদেশের চলমান পরিস্থিতিতে সংলাপের আহ্বান জানিয়ে ‘উদ্বিগ্ন নাগরিকদের’ কমিটির প্রকাশের পরপরই তাদের একজন এই প্রক্রিয়ায় সম্পৃক্ততার কথা অস্বীকার করেছেন।
তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ’র সাবেক সভাপতি আনোয়ার উল আলম চৌধুরী পারভেজ বলেছেন, তার সঙ্গে আলোচনা না করেই তার নাম ঘোষণা করা হয়েছে।
শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে চলমান পরিস্থিতিতে ‘উদ্বিগ্ন নাগরিকদের’ পক্ষে ১৩ সদস্যের কমিটি ঘোষণা করেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা।
ওই সংবাদ সম্মেলনে ১৩ জনের মধ্যে পারভেজসহ কয়েকজন অনুপস্থিত ছিলেন। তবে সবার সঙ্গে কথা বলেই কমিটিতে তাদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে বলে দাবি করেন শামসুল হুদা।
অনুপস্থিতদের মধ্যে জামিলুর রেজা চৌধুরীর সঙ্গে কথা বলা হলে তিনি তার সম্মতি নেওয়ার কথা জানালেও পারভেজ বলেন ভিন্ন কথা।
বিজিএমইএ’র সাবেক এই সভাপতি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি তো কিছুই জানি না। কোথা থেকে আমার নাম পেলেন।”
শামসুল হুদা সংবাদ সম্মেলনে নিজেই এই নাম প্রকাশ করেছেন বলে জানানো হলে তিনি বিরক্ত কণ্ঠে বলেন, “উনাকে জিজ্ঞাসা করেন, উনি কোথা থেকে আমার নাম পেয়েছেন।
আনোয়ার উল আলম চৌধুরী পারভেজ
“আমার সঙ্গে এই বিষয়ে কারও সঙ্গে কোনো সময় আলাপ হয়নি। আমি তো ভাই নিরিবিলি মানুষ। শুধু শুধু আমার নাম কেন জড়ানো হল?”
“বিতর্কিত কোনো বিষয়ে আমি কোনোদিন যাইনি, কখনও যাবও না,” বলেন পারভেজ।
নাগরিক সমাজের একাংশের এই উদ্যোগ নিয়ে সমালোচনা করে আসছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতারা।
নির্দলীয় সরকারের অধীনে মধ্যবর্তী নির্বাচনের দাবিতে বিএনপি জোটের লাগাতার অবরোধ এবং সেই দাবি না মানতে ক্ষমতাসীন আওয়ামী লীগের অনড় অবস্থানের মধ্যে শামসুল হুদারা সংলাপের আহ্বান জানিয়ে এই উদ্যোগ নেন।
গত এক মাসের বেশি সময় ধরে চলা অবরোধে নাশকতার উদ্বেগ জানিয়ে তারা সন্ত্রাসী কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ করে আলোচনার প্রক্রিয়া শুরুর তাগিদ দিয়েছেন।
‘উদ্বিগ্ন নাগরিকদের’ এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাবেক উপদেষ্টা এম হাফিজ উদ্দিন খান ও সি এম শফি সামি, আইনজীবী শাহদীন মালিক, পলিসি রিসার্চ ইনস্টিটিউটের আহসান মনসুর ও সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার।
সংবাদ সম্মেলনে শামসুল হুদা
১৩ জনের কমিটির কথা জানিয়ে শামসুল হুদা সংবাদ সম্মেলনে বাকি সদস্যদের নাম প্রকাশ করে বলেন, এদের সবার সঙ্গে কথা বলা হয়েছে।
তখন পারভেজের সঙ্গে সাবেক উপদেষ্টা এস এম শাহজাহান, ড. জামিলুর রেজা চৌধুরী, আকবর আলি খান, রাশেদা কে চৌধুরী, রোকেয়া আফজাল রহমান, কলামনিস্ট সৈয়দ আবুল মকসুদের নাম বলা হয়।
গত শনিবার ‘জাতীয় সংলাপের’ উদ্যোগ প্রক্রিয়া নিয়ে এক গোলটেবিল আলোচনার ধারাবাহিকতায় ‘উদ্বিগ্ন নাগরিকদের’ এই সংবাদ সম্মেলন হয়।
ওই গোলটেবিলের নেতৃত্ব দেন গণফোরাম সভাপতি কামাল হোসেন। নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাও ছিলেন ওই আলোচনায়।
রাজনীতিবিদ হয়েও কামাল ও মান্না নাগরিক সমাজের উদ্যোগের নেতৃত্বে থাকায় তা নিয়ে সমালোচনা আসে প্রধানমন্ত্রীসহ আওয়ামী লীগ নেতাদের কাছ থেকে। এরপর কমিটিতে তাদের নাম রাখা হয়নি।
সংলাপের উদ্যোগ নেওয়ার অনুরোধ জানিয়ে গত সোমবার রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিঠি দেওয়ার মাধ্যমে আলোচনায় আসে নাগরিক সমাজের এই অংশটি।
