সুশীলদের বিসমিল্লায়ই গলদ: সুরঞ্জিত
চলমান রাজনৈতিক অস্থিরতার অবসানে নাগরিক সমাজের যারা উদ্যোগী হয়েছেন, মধ্যস্থতাকারী হিসেবে তাদের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত।
তিনি বলেছেন, “হুদা (এ টি এম শামসুল হুদা) সাহেবদের যে উদ্যোগ, তাতে বিসমিল্লায় গলদ আছে। তাদের বোঝা উচিত ছিল, এ ধরনের আলোচনায় মধ্যস্থতা করতে হলে সর্বস্তরে এক ধরনের বিশ্বাসযোগ্যতা, গ্রহণযোগ্যতা অর্জন করতে হয়। দুঃখের সঙ্গে বলতে চাই, বিভিন্ন সময়ে তারা এই বিশ্বাসযোগ্যতা প্রমাণে ব্যর্থ হয়েছেন।”
দুই প্রধান রাজনৈতিক পক্ষকে সংলাপে বসাতে সাবেক প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদার নেতৃত্বে ‘উদ্বিগ্ন নাগরিক’ ব্যানারে সংবাদ সম্মেলনের দিন শুক্রবার রাজধানীতে এক আলোচনা সভায় তাদের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য।
নির্দলীয় সরকারের অধীনে মধ্যবর্তী নির্বাচনের দাবিতে গত ৫ জানুয়ারি থেকে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের লাগাতার অবরোধে নাশকতা এবং তাদের অসাংবিধানিক দাবি না মানতে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের অনড় অবস্থানের মধ্যে জট কাটাতে উদ্যোগী হন শামসুল হুদাসহ কয়েকজন।
শুক্রবারের সংবাদ সম্মেলনের আগে গণফোরামের সভাপতি কামাল হোসেনের নেতৃত্বে গত শনিবার এক গোলটেবিলের পর সোমবার নাগরিক সমাজের পক্ষ থেকে সংলাপের উদ্যোগের আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসনকে চিঠি পাঠানো হয়েছিল। চিঠিগুলো যায় সাবেক সিইসি শামসুল হুদার নামে।
তাদের উদ্দেশ্য করে প্রবীণ রাজনীতিক সুরঞ্জিত বলেন, “একটা ভালো কাজ খারাপভাবে শুরু করার কারণে এটা বিনষ্ট হয়েছে। এখন আর এটাকে সংশোধন করে সঠিক করা যাবে না।
“প্রথমত গ্রহণযোগ্যতা, বিশ্বাসযোগ্যতার বিষয়টি মনোযোগের সঙ্গে খেয়াল করা উচিত ছিল। দ্বিতীয়ত, বর্তমান পরিস্থিতিতে প্রথমে বলতে হবে ভায়োলেন্স বন্ধের বিষয়ে। উনারা সন্ত্রাস নাশকতার কথা না বলে সরাসরি আলোচনার কথা বলেছেন।এটা তো সমতল ভূমি বা লেভেল প্লেইং ফিল্ড হয়নি।”
সংবাদ সম্মেলনে শামসুল হুদা পরিস্থতি শান্ত করার প্রাথমিক পদক্ষেপ হিসেবে সন্ত্রাস বন্ধ করতে বলেছেন। জাতীয় প্রেসক্লাবে তাদের সংবাদ সম্মেলন শেষ হওয়ার আগেই সুরঞ্জিত কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে নৌকা সমর্থক গোষ্ঠীর আলোচনা সভায় বক্তব্য রাখেন।
নাগরিক সমাজের সমালোচনা করে সুরঞ্জিত বলেন, “এই নাগরিক সমাজের এক সদস্য, আমি নাম উল্লেখ করে তাকে বিব্রত করতে চাই না, এক টক শোতে বিএনপি চেয়ারপারসনের প্রতিধ্বনি করে বলেছেন, সহিংসতার জন্য প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সরকার দায়ী।
“হরতাল ডাকে বিএনপি, অবরোধ ডাকে বিএনপি, আর সহিংসতা করে আওয়ামী লীগ? কী অদ্ভুত কথা!”
সুরঞ্জিত সেনগুপ্ত
সাবেক মন্ত্রী সুরঞ্জিত বলেন, “আমাদের সমস্যা আমরাই সমাধান করব। উনারা (বিএনপি) নির্বাচন চান, আমরাও নির্বাচন চাই। উনারা চান, সব দলের অংশগ্রহণের ভিত্তিতে নির্বাচন, আমরাও তাই চাই। সমস্যা হল, নির্বাচনের সময় নিয়ে।”
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ্য করে তিনি বলেন, “কথা ছিল, সংবিধান রক্ষার জন্য একটি নির্বাচন হবে, পরে আগামী নির্বাচন। কথা ছিল, আপনি সহযোগিতা করবেন। কিন্তু আপনি কি তা করেছিলেন? বরং নির্বাচন প্রতিহত করার জন্য ব্যাপক ধ্বংস লীলা চালিয়েছেন।”
চলমান সহিংসতার জন্য বিএনপিকে দায়ী করে তাদের কোনো ছাড় না দেওয়ার কথা বলেন সুরঞ্জিত।
“দেশজুড়ে যেভাবে সহিংসতার বিরুদ্ধে জনপ্রতিরোধ শুরু হয়েছে, আজকেও পত্রিকায় দেখলাম দুই বোমাবাজ গণপিটুনিতে নিহত হয়েছে। আমরা এখন আর মনে করছি না, প্রশাসনিকভাবে এর কোনো সমাধান হবে। প্রয়োজনে গ্রাম বাংলাসহ পুরো বাংলাদেশকে সহিংসতার বিরুদ্ধে জাগিয়ে তোলা হবে।”
জাতীয় প্রেসক্লাবে অন্য একটি আলোচনা সভায় আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদের কথায়ও ছিল একই সুর।
জাতিসংঘসহ বিদেশি কারও দ্বারস্ত হয়ে কোনো লাভ হবে না বলে বিএনপিকে সাফ জানিয়ে দিয়ে তিনি বলেন, “কাউকে এনে কোনো লাভ হবে না। বিদেশিদের কাছে ধরনা দিয়ে লাভ নেই, এ দেশে নির্বাচন ২০১৯ সালেই হবে।”
