কালিহাতীতে গুলিবিদ্ধ আরেকজনের মৃত্যু
টাঙ্গাইলের কালিহাতীতে পুলিশ-গ্রামবাসী সংঘর্ষে গুলিবিদ্ধ একজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে ওই সংঘর্ষে নিহতের সংখ্যা চারজনে দাঁড়াল।
শুক্রবার সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে তিনজন নিহত হয়েছিলেন। ঢাকায় যাদের পাঠানো হয়েছিল, তার মধ্যে মো. রুবেল নামে এক যুবক রোববার সন্ধ্যায় মারা যান বলে ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক জানিয়েছেন।
গুলিবিদ্ধ অবস্থায় রুবেলকে আনা হয়েছিল বলে এই পুলিশ কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
রুবেলের বিস্তারিত ঠিকানা জানা যায়নি। সংঘর্ষের দিন নিহত অন্য তিনজন হলেন- কালিয়া গ্রামের শামীম, কুষ্টিয়া গ্রামের ফারুক ও সালেঙ্কা গ্রামের শ্যামল দাস।
টা্ঙ্গাইল মেডিকেল কলেজ হাসাপাতালে শনিবার ময়নাতদন্তের পর লাশ তিনটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। তারা তিনজনই গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন বলে চিকিৎসকরা জানান।
ছেলের সামনে মাকে ‘ধর্ষণের’ অভিযোগকে কেন্দ্র করে গত শুক্রবার বিকালে কালিহাতী উপজেলা সদরে বিক্ষুব্ধ এলাকাবাসীর সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ বাঁধে। তখন পুলিশ গুলি ছুড়েছিল বলে এলাকাবাসী জানান।
এই ঘটনা নিয়ে দেশজুড়ে আলোচনার মধ্যে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা শনিবার ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে গুলিবর্ষণকারী পুলিশ সদস্যদের প্রত্যাহারের ঘোষণা দেন। পরে তিন এসআই ও চার কনস্টেবলকে প্রত্যাহার করা হয়।
পুরো ঘটনা খতিয়ে দেখতে পুলিশের পক্ষ থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে। অন্যদিকে পুলিশের উপর হামলার অভিযোগে প্রায় ৯০০ জনকে আসামি করে দুটি মামলাও হয়েছে।
সেদিনের সংঘর্ষের ঘটনার পেছনে ‘তৃতীয় কোনো বিষয়’ রয়েছে বলে মনে করছেন পুলিশ বাহিনীর ভারপ্রাপ্ত প্রধান মোখলেছুর রহমান।
অন্যদিকে নিহতদের পরিবারের সদস্যরা পুলিশকেই দায়ী করছেন।
নিহত তিনজনের পরিবারকে ৫০ হাজার টাকা করে দিয়েছে জেলা প্রশাসন।
