২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কালিহাতীতে ৩ জনই গুলিতে নিহত

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় পুলিশ গ্রামবাসীর সংঘর্ষে সময় তিন জনই গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন বলে ময়নাতদন্তের পর চিকিৎসকরা জানিয়েছেন।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2015, 05:06 PM

Updated : 22 Aug 2022, 01:15 PM

শুক্রবার বিকালে ওই সংঘর্ষের পর রাতে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. মাহফিজা ইয়াসমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, রাবার বুলেট ও লাঠিপেটার আঘাতে ওই তিনজনের মৃত্যু হয়েছে।

শনিবার দুপুরে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে তিনজনের মৃতদেহ হস্তান্তর করা হয়।

ওই হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো. আশরাফ আলী সাংবাদিকদের বলেন, তিনজনই বুলেটবিদ্ধ হয়ে মারা গেছেন।

ছেলের সামনে মাকে ‘ধর্ষণের’ অভিযোগকে কেন্দ্র করে শুক্রবার বিকাল ৪টার দিকে কালিহাতী উপজেলা সদরে বিক্ষুব্ধ এলাকাবাসী ও আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে তিনজন নিহত হয়।

নিহতরা হলেন- উপজেলার কালিয়া গ্রামের শামীম (৩২), কুষ্টিয়া গ্রামের ফারুক (৩৫) ও সালেঙ্কা গ্রামের শ্যামল দাস (১৫)।

এদিকে নিহতদের পরিবারে চলছে কান্নার আহাজারি। প্রতিবেশীরাও এসে সমবেদনা জানাচ্ছেন।

শামীমের মা আমেনা খাতুন বলেন, জুমার নামাজ পড়ার জন্য বাড়ি থেকে বের হয় শামীম। আর ফিরে আসেনি।

ঈদের পর শামীমের সৌদি আরব যাওয়ার কথা ছিল জানিয়ে তিনি বলেন, “ আমার ছেলে তো মিটিং মিছিলে যায়নি। তবে কেন তাকে পুলিশ গুলি করল? আমি বিচার চাই।”

স্বামীকে হারিয়ে বাকরুদ্ধ শামীমের স্ত্রী বিথী। দুই সন্তান বাদল (৮) ও মীমকে (২) নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন তিনি।

দোষীদের শাস্তি দাবি করে প্রতিবেশীরা বলছে, শামীম সবসময়ই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করত।

কালিহাতী পৌর এলাকার কুষ্টিয়া গ্রামের নিহত ফারুকের বাড়িতে গিয়ে দেখা যায় প্রতিবন্ধী ছেলে আসিফকে (৮) নিয়ে কান্নাকাটি করছে স্ত্রী আসিয়া বেগম। পাশেই বসে আছে তাদের মেয়ে ফাতেমা (৩)।

প্রতিবেশীরা জানান, মা, স্ত্রী ও দুই সন্তান নিয়েই ভ্যানচালক ফারুকই সংসার চালাতেন।

একই  অবস্থা নিহত শ্যামল দাসের (১৫) সালেঙ্কা গ্রামের বাড়িতে।একটি সেলুনে কাজ করতো সে।দিচ্ছে।তিন ভাইয়ের মধ্যে শ্যামল ছিল সবার বড়।

সন্তান হারিয়ে কাঠমিস্ত্রী বাবা রবি দাস পাগলপ্রায়, মা ভারতী রানী বার বার মূর্ছা যাচ্ছেন।

কালিহাতি থানার ওসি শহীদুল ইসলাম জানান, সকাল থেকেই কালিহাতি বাসস্ট্যান্ড ও পাশ্ববর্তী হামিদপুর বাজারে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পুলিশের ওপর হামলা ও কাজে বাধা দেওয়ায় সাধারণ জনগণকে আসামি করে মামলার প্রস্তুতি চলছে।

জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন জানান, নিহতদের পরিবারকে ৫০ হাজার টাকা করে দেওয়া হয়েছে। আহতদের চিকিৎসার ব্যয়ভার জেলা প্রশাসন থেকে বহন করা হবে।

আর ওই নারীকে জেলা মহিলা বিষযক দপ্তরের মাধ্য ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের মাধ্যমে সব ধরনের পরীক্ষা ও চিকিৎসার ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।