২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারি জমি উদ্ধারে ধীর গতিতে কমিটির অসন্তোষ

দেশের বিভিন্ন এলাকায় অবৈধ দখলে থাকা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এবং জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ ও গণপূর্ত অধিদপ্তরের ৫৬১ একরেরও বেশি জমি উদ্ধারের ধীর গতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে সংসদীয় কমিটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2015, 07:31 PM

Updated : 22 Aug 2022, 01:15 PM

রোববার সংসদ ভবনে অনুষ্ঠিত গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।

বৈঠক শেষে কমিটির সদস্য জাহিদ আহসান রাসেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দেশের বিভিন্ন স্থানে অবৈধ জমি নিয়ে একটি প্রতিবেদন দেওয়া হয়েছে। কমিটির অবৈধ দখলে থাকা জমি উদ্ধারের বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্টরা বলেছেন এটি চলমান প্রক্রিয়া।

“কমিটির এসময় বলেছে, এভাবে কতদিন ধরে কার্যক্রম চলবে। জমি উদ্ধারে কোনো নির্দিষ্ট সময় নিয়ে তারা কাজ করছে না কেন?”

সংশ্লিষ্ট কর্মকর্তরা এ বিষয়ে কোন জবাব দিতে পারেনি বলেও জানান রাসেল।

সংসদীয় কমিটির কার্যপত্র থেকে জানা গেছে, ঢাকা, বরগুনা, পটুয়াখালী বরিশাল ও সিলেটের গণপূল্ত অধিদপ্তরের ১৮২ দশমিক ৬৭ একর, রাজউকের মালিকানাধীন টঙ্গী, উত্তরা, মহাখালী, বনানী ও নারায়নগঞ্জে ১৫৪ দশমিক ৯৪ একর এবং গণপূর্তের ঢাকা, দিনাজপুর, খুলনায়ি ২২৪ দশমিক ২১ একর জমি অবৈধ দখলে রয়েছে।

এসব জমি নিয়ে উচ্চ ও নিম্ন আদালতে মামলা চলমান থাকায় সংশ্লিষ্ট বিভাগগুলো জমি পুনরুদ্ধার করতে পারছে না বলে কার্যপত্রে বলা হয়েছে।

সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে অবৈধ দখলকৃত জমি দ্রুত পুনরুদ্ধারের সুপারিশ করেছে কমিটি।

এছাড়া কমিটি ভূমিকম্পের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতি এড়াতে বিভিন্ন ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করার কাজ ত্বরান্বিত করা এবং বিল্ডিং কোড অনুযায়ী ভবন নির্মাণ হচ্ছে কীনা সে বিষয়ে  তদারকি জোরদার করার সুপারিশ করে।

কমিটি ন্যাশনাল বিল্ডিং কোডে রিখটার স্কেলে ৮ মাত্রার পরিবর্তে ৯ মাত্রার ভূমিকম্প সহনীয় ভবন নির্মাণের বিধান সংযোজনের সুপারিশ করে।

এছাড়া গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের ব্যাপারে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশও করা হয়।

কমিটির সভাপতি দবিরুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে কমিটি সদস্য গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, জাহিদ আহসান রাসেল, একেএম ফজলুল হক, আবু জাহির, আবু সালেহ মোহাম্মদ সাঈদ (দুলাল), নূর-ই-হাসনা লিলি চৌধুরী ও নূরজাহান বেগম বৈঠকে অংশ নেন।