৮৪ কেজি পরচুলাসহ ২ জন আটক
রাজধানীর দক্ষিণখান থেকে প্রায় ৮৪ কেজি নকল চুলসহ দুই জনকে আটক করেছে এপিবিএন।
আটকরা হলেন, আটকরা হলেন- ফরিদ (৫২) ও ফিরোজ (৪৫) ।
এপিবিএনের এএসপি এ এস কে হাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ১৭ সেপ্টেম্বর মাহবুব নামের এক ব্যবসায়ীর কাছে ভারত থেকে এয়ার কার্গোতে একশ কেজি পরচুলা আসে।
তবে বিমানবন্দরের কার্গো এলাকায় গিয়ে তিনি তার মালের কোনো হদিস পাননি।
পরে তিনি এ ঘটনায় বিমানবন্দর থানায় জিডি করেন এবং এপিবিএন-৫ এর কাছে অভিযোগ জানান।
ওই ব্যবসায়ীর অভিযোগ আমলে নিয়ে অভিযান চালিয়ে খোয়া যাওয়া পরচুলাগুলো উদ্ধার করা হয়েছে বলে জানান হাফিজুর।
“আটকরা শাহজালাল বিমানবন্দর এলাকায় দালালির কাজ করে। তারা একশ কেজি পরচুলা চুরি করে ১৬ কেজি বিক্রি করে ফেলায় ৮৪ কেজি উদ্ধার করা সম্ভব হয়েছে।”
উদ্ধার করা মালের আনুমানিক দাম ছয় লাখ টাকা বলেও জানান তিনি।
