সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়নে সমন্বিত কর্মসূচির সুপারিশ
সমতলে বসবাসকারী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে সমাজকল্যাণ মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কার্যালয় ও অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে সমন্বিত কর্মসূচি গ্রহণের প্রস্তাব এসেছে সংসদীয় স্থায়ী কমিটির পক্ষ থেকে।
রোববার জাতীয় সংসদ ভবনে সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে সমাজকল্যাণ মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কার্যালয়, সমাজসেবা অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তরাসহ বিশেষ আমন্ত্রণে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ছয় জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।
এ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কর্মসূচি নিতে প্রধানমন্ত্রীর কার্যালয়, অর্থ মন্ত্রণালয় ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি আন্তঃমন্ত্রণালয় সভা আহ্বানেরও সুপারিশ করা হয় বৈঠকে।
কমিটির সদস্য ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন বৈঠক শেষে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য আলাদা মন্ত্রণালয় গঠনের দাবি দীর্ঘদিন ধরেই আছে। পাহাড়ের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য আলাদা মন্ত্রণালয়ও আছে।”
পাহাড়ের চেয়ে সমতলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংখ্যা বেশি জানিয়ে তিনি বলেন, “সমতলের বাসিন্দাদের (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী) জন্য সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের আলাদা প্রকল্প রয়েছে। এই দুটি সংস্থার কাজকে সমন্বয় করার জন্য অর্থ মন্ত্রণালয়কে সঙ্গে নিয়ে সভা করার জন্য সংসদীয় কমিটি সুপারিশ করেছে।”
কমিটির কার্যপত্র থেকে জানা গেছে, গত বৈঠকে প্রতিমন্ত্রী ‘অনুন্নত, অবহেলিত এবং পশ্চাৎপদ’ এই বিরাট জনগোষ্ঠীকে উন্নয়নের ধারায় নিয়ে আসতে বিশেষ নজর দেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেছিলেন।
গত বৈঠকে তিনি বলেন, “তাদের জন্য আলাদা মন্ত্রণালয় না হওয়া পর্যন্ত সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে এ সংক্রান্ত সব কর্মকাণ্ড পরিচালনার দায়িত্ব দেওয়া প্রয়োজন।”
বৈঠকে সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন জানিয়ে কমিটির সদস্য ও জাতীয় পার্টির সংসদ সদস্য পীর ফজলুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়নে প্রধানমন্ত্রীর কার্যালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের কাজে যেন ওভারল্যাপিং না হয় সেজন্য আমরা সমন্বয় করতে বলেছি।”
বৈঠকে সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলীর মৃত্যুতে শোক এবং তার পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করা হয় বলে সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।
কমিটির সভাপতি মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে বৈঠকে কমিটি সদস্য সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন, মনোরঞ্জন শীল গোপাল, আয়েশা ফেরদাউস, হাবিবে মিল্লাত, পীর ফজলুর রহমান, আব্দুল মতিন ও লুৎফা তাহের অংশ নেন।
