২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাথমিকের সহকারী শিক্ষকদের পূর্ণদিবস কর্মবিরতির ডাক

ঘোষিত জাতীয় বেতন কাঠামোর বেতনক্রমে একাদশ গ্রেড দেওয়াসহ ছয় দফা দাবিতে মঙ্গলবার সারা দেশে পূর্ণদিবস কর্মবিরতির ডাক দিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2015, 04:21 PM

Updated : 22 Aug 2022, 01:15 PM

রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক সংবাদ সম্মেলনে চার সংগঠনের জোট ‘প্রাথমিক সহকারী শিক্ষক ফেডারেশনের’ নেতারা এ ঘোষণা দেন।

সারা দেশের প্রাথমিক বিদ্যালয়ে শনিবার থেকে সোমবার পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে তিন ঘণ্টার কর্মবিরতি চলার মধ্যে তাদের এই ঘোষণা এলো।

লিখিত বক্তব্যে প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের সভাপতি শাহিনুর আল আমিন বলেন, “আমরা ১৯ থেকে ২১ সেপ্টেম্বর সারা দেশে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তিন ঘণ্টার কর্মবিরতি পালন করছি। ২২ সেপ্টেম্বর সারা দেশে পূর্ণদিবস কর্মবিরতি পালন করা হবে।”

একইসঙ্গে ১৫ অক্টোবর সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতীকী অনশন কর্মসূচির ঘোষণা দেন তিনি।

শিক্ষকদের ছয় দফা দাবির মধ্যে আরও রয়েছে- সরাসরি প্রধান শিক্ষক পদে নিয়োগ বন্ধ করে সহকারী শিক্ষক পদ থেকে নিয়োগ দিয়ে যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে বিভাগীয় পরীক্ষার মাধ্যমে মহাপরিচালক পদ পর্যন্ত শতভাগ বিভাগীয় পদোন্নতির সুযোগ প্রদান করা, টাইম-স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল করে দ্রুত পদোন্নতির ব্যবস্থা করা, জাতীয় শিক্ষানীতির আলোকে শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন-স্কেল ঘোষণা এবং সকল প্রাথমিক বিদ্যালয়ে অষ্টম শ্রেণি পর্যন্ত চালু করা।

এসব দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে শাহিনুর বলেন, “আমরা সহকারী শিক্ষকগণ ক্রমাগত বৈষম্যের স্বীকার হচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী ৮ম জাতীয় পে-স্কেল ঘোষণার পূর্বে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক সভায় বলেছিলেন বেতনের বৈষম্য কমানো হবে।

“কিন্তু তার কথা অমান্য করে বৈষম্য আরও বৃদ্ধি করা হলো।”

এক্ষেত্রে ১৯৭৩ সালে প্রাথমিকের প্রধান ও সহকারী শিক্ষকদের মধ্যে বেতনের কোনো পার্থক্য না থাকলেও এবার সেই পার্থক্য ‍দুই হাজার ৩০০ টাকায় দাঁড়িয়েছে বলে জানান এই শিক্ষক নেতা।

এক প্রশ্নের জবাবে প্রাথমিক সহকারী শিক্ষক সমিতি সভাপতি নাসরিন সুলতানা বলেন, “একই দাবিতে আমরা শিক্ষকরা আলাদা আলাদা কর্মসূচি দিয়েছিলাম। এখন থেকে এক মঞ্চেই আন্দোলন চলবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার কর্মসূচি দিব।”

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি সভাপতি জাহিদুর রহমান বিশ্বাস ও প্রাথমিক সহকারী শিক্ষক ফোরাম সভাপতি জসিম উদ্দিন সরকার উপস্থিত ছিলেন।