২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ই-কমার্সে ‘৪০ কোটি বাঙালিকে’ সম্পৃক্ত করতে হবে: প্রতিমন্ত্রী

বিশ্বজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা ‘৪০ কোটি বাঙালিকে’ ই-কমার্সের আওতায় আনার লক্ষ্য নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2015, 12:43 AM

Updated : 12 Oct 2022, 04:13 PM

শনিবার ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সাধারণ সভা ও সদস্যদের সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।

পলক বলেন, “সারা পৃথিবীতে ৪০ কোটি বাঙালি আছে। সবাইকে টার্গেট করতে হবে। আমাদের ছেলে-মেয়েদের মেধা আছে। এরা একদিন আলিবাবা, আমাজানের মতো বড় বড় কোম্পানি হবে। বড় বড় প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। ১ কোটি প্রবাসী রয়েছে। এদেরকে সামনে রেখে কাজ করতে হবে।

“এক সময় দেখা যেত, প্রত্যন্ত গ্রামের একজন বিদেশে গিয়েছেন। নিজের মা-বা, পরিবারের কেউ হয়তো ব্যাংক থেকে টাকা তুলতে আনতে পারত না। তাই অন্য কারও নামে অ্যাকাউন্ট করেছেন। বহু কষ্টে উপার্জিত টাকা নিয়ে প্রতারিত হয়েছেন। আজ সেই দিন আর নাই। এখন টাকা পাঠানোর নানা উপায় সামনে এসেছে।

“এখন একজন হয়তো বিদেশে আছেন, পরিবারের কোনো সদস্যকে ল্যাপটপ কিনে দিতে চান। এখন এর জন্য টাকাও পাঠাতে হবে না। অনলাইনে অর্ডার দিয়ে টাকা দিলে বাড়িতে সেটা পৌঁছে যাবে।”

ডেলিভারি আরও সহজ করা প্রয়োজনীয়তা তুলে ধরে পলক বলেন, “আমাদের ইউনিয়নগুলোতে সাড়ে চার হাজার ডিজিটাল সেন্টার রয়েছে। আমরা এগুলোকে ই-কমার্সের আউটলেট হিসাবে তৈরি করতে পারি। ডেলিভারির বিষয়ে ব্যবহার করতে পারি ডাক বিভাগকে।”

এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রচেষ্টা চালিয়ে যাবেন বলে জানান তথ্য-প্রযুক্তি প্রতিমন্ত্রী পলক।

ই-ক্যাবের সভাপতি রাজিব আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে এফবিসিসিআই’র সভাপতি আব্দুল মাতলুব আহমাদ, তথ্য-প্রযুক্তিবিদ মোস্তফা জব্বার বক্তব্য রাখেন।