প্রশ্ন ফাঁস: জুডিশিয়াল সার্ভিস কমিশনের দুই কর্মী বরখাস্ত
প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠার পর বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রকের ব্যক্তিগত সহকারীসহ দুই কর্মীকে সাময়িকভাবে বরখাস্ত করেছে বিচারক নিয়োগের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানটি।
এরা হলেন- পরীক্ষা নিয়ন্ত্রকের ব্যক্তিগত সহকারী নাজমুল আহসান এবং স্টোরকিপার রেজাউল করিম।
শুক্রবার মেডিকেলে ভর্তি পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) অভিযান চালিয়ে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে র্যাব যে তিনজনকে গ্রেপ্তার করেছিল তাদের মধ্যে ছিলেন রেজাউল।
জুডিশিয়াল সার্ভিস কমিশনের সচিব পরেশ শর্ম্মা শনিবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গণমাধ্যমে উত্থাপিত অভিযোগ বিবেচনায় নিয়ে কমিশন স্টোরকিপার রেজাউল করিম ও পরীক্ষা নিয়ন্ত্রকের ব্যক্তিগত সহকারী নাজমুল আহসানকে সাময়িকভাবে বরখাস্ত করেছে। গণমাধ্যমে আসা অভিযোগ তদন্তে দুই সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটি বিষয়টি অনুসন্ধান করবে।”
শনিবার কমিশন সভায় এ সিদ্ধান্ত হয় বলে জানান তিনি।
শুক্রবার ইউজিসি ভবনে অভিযান চালিয়ে এই তিনজনকে গ্রেপ্তার করে র্যাব।
এদের মধ্যে ওমর ইউজিসি’র সহকারী পরিচালক। গ্রেপ্তার হওয়ার পর তাকে সাময়িক বরখাস্ত করেছে ইউজিসি কর্তৃপক্ষ।
ওমরই মেডিকেল ভর্তি পরীক্ষা এবং কৃষি ব্যাংক, জুডিশিয়াল সার্ভিস কমিশন ও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষার হলে, ‘উত্তরপত্র বিতরণকারী’ চক্রের হোতা বলে দাবি করছে র্যাব।
